জাবির ভর্তি পরীক্ষায় এবারে সেকেন্ড টাইমারদের জন্য নম্বর কাটার শঙ্কা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নম্বর কাটার বিষয়টি বিবেচনা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজার সঙ্গে ভর্তি পরীক্ষা নিয়ে আলোচনায় তিনি Dhaka Monitor 24 কে এসব তথ্য জানান।
সৈয়দ মোহাম্মদ আলী রেজা জানান, দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নম্বর কাটার বিষয়টি নিয়ে প্রশাসনের মধ্যে চিন্তাভাবনা চলছে। গত শিক্ষাবর্ষেও বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
তিনি বলেন, দ্বিতীয়বারের পরীক্ষার্থীরা প্রস্তুতির জন্য তুলনামূলক বেশি সময় পাওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। পাশাপাশি চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলসহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করে প্রথমবার ও দ্বিতীয়বারের পরীক্ষার্থীদের মধ্যে ভারসাম্য রক্ষার বিষয়টি আলোচনা করা হচ্ছে।
তিনি আরও জানান, দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্য আলাদা নম্বর কর্তনের সিদ্ধান্ত আসতে পারে। তবে বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দ্বিতীয়বারের পরীক্ষার্থীদের নম্বর কর্তনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত বা কর্তনের পরিমাণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।