রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গবেষণা সংসদের (RURS) আয়োজনে দুইদিন ব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আরইউআরএস সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অ্যান্ড রিসার্চ ফেয়ার ২০২৬ (আরআইসিআরএফ২৬)’। ‘শেপিং দ্য ফিউচার থ্রু এআই অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট’প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে ১৪টিরও বেশি দেশের গবেষক ও অংশগ্রহণকারীরা অংশ নিচ্ছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
আয়োজকেরা জানান,আগামী ১ ও ২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক পর্যায়ে গবেষণার সুযোগ ও পরিসর বাড়াতে এবারের সম্মেলনে ১৪টিরও বেশি দেশ থেকে গবেষক ও অংশগ্রহণকারীদের সাড়া পাওয়া গেছে। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ভারত, মালয়েশিয়া, ভিয়েতনাম, আলজেরিয়া, সুইডেন ও জিম্বাবুয়েসহ বিভিন্ন দেশ রয়েছে।
সম্মেলনে আন্তর্জাতিক পর্যায়ের ১০৮টি বিশ্ববিদ্যালয় থেকে মোট ৮১০টি অ্যাবস্ট্রাক্ট জমা পড়ে। পরে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের সমন্বয়ে গঠিত একাডেমিক রিভিউ প্রক্রিয়ার মাধ্যমে সেগুলো মূল্যায়ন করা হয়। রিভিউ শেষে মোট ১৮৮টি গবেষণাপত্র ও পোস্টার প্রেজেন্টেশনের জন্য নির্বাচিত হয়েছে।
আয়োজকেরা আরও জানান, সম্মেলনে উপস্থাপিত গবেষণার মান ও একাডেমিক মূল্যায়ন নিশ্চিত করতে ৬০টিরও বেশি অভিজ্ঞ ও উচ্চযোগ্যতাসম্পন্ন শিক্ষক ও গবেষক রিভিউয়ার হিসেবে যুক্ত হয়েছেন।
দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ( ইউজিসি) এর সদস্য অধ্যাপক ড. আসলাম হোসেন এবং কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. আব্দুল সালাম।
এছাড়া, চিফ প্যাট্রন হিসেবে উপস্থিত থাকবেন রাবির উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম। প্যাট্রন হিসেবে থাকবেন রাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলীম এবং উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মামুনুর রশীদ।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. হাবিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে আরও থাকবেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মো. তারিকুল ইসলাম।