জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তেলুগু কমিউনিটি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে সাক্ষাৎকালে তেলুগু কমিউনিটির নেতৃবৃন্দ তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তেলুগু কমিউনিটির সভাপতি আপ্পারাও জনি, সাধারণ সম্পাদক শ্রী গাঙ্গিয়া এবং কমিটির অন্যান্য সদস্য ও তেলুগু সম্প্রদায়ের প্রতিনিধিরা।
সৌজন্য সাক্ষাৎকালে তেলুগু কমিউনিটির নেতৃবৃন্দ নবনিযুক্ত উপাচার্যকে শুভকামনা জানান। একই সঙ্গে তাঁর নেতৃত্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, পরিবেশ ও সামগ্রিক উন্নয়নে আরও ইতিবাচক অগ্রগতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
তেলুগু কমিউনিটির নেতৃবৃন্দ বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তেলুগু সম্প্রদায়ের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকেই তেলুগু সম্প্রদায়ের অনেক মানুষ এখানে বসবাস করে আসছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতা ও বিভিন্ন সেবামূলক কার্যক্রমে তারা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
তারা আরও বলেন, নবনিযুক্ত উপাচার্যের নেতৃত্বে তেলুগু কমিউনিটির কল্যাণ এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে আরও ইতিবাচক উদ্যোগ নেওয়া হবে বলে তারা প্রত্যাশা করেন।
সাক্ষাৎ শেষে তেলুগু কমিউনিটির পক্ষ থেকে নবনিযুক্ত উপাচার্যের সুস্বাস্থ্য, সফলতা ও দীর্ঘ কর্মময় জীবন কামনা করা হয়।