রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে পাওয়া ভোটের সমপরিমাণ গাছ লাগানোর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ৫০টি নিমগাছের চারা রোপণ ও বিতরণ করেছেন শাহ মখদুম হলের সহ কমনরুম পদে প্রতিদ্বন্দ্বিতা করা ছাত্রদল নেতা রাফিউল ইসলাম। বাকি গাছগুলো আগামীতে ধাপে ধাপে রোপণ করবেন তিনি।
গতকাল বৃহস্পতিবার (১ অঅক্টোবর) তার নিজ হল শাহ মখদুন হলে এ কর্মসূচি শুরু করেন। পরে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।
রাফিউল ইসলাম রাকসু নির্বাচনে হল সংসদে সহ কমনরুম সম্পাদক পদে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে তিনি মোট ২ শত ১০ টি ভোট পান। নির্বাচনের আগে শিক্ষার্থীদের কাছে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, নির্বাচনে পাওয়া ভোটের সমপরিমাণ গাছ ক্যাম্পাসে রোপণ করবেন।
কর্মসূচির বিষয়ে রাফিউল ইসলাম বলেন , ‘রাকসুতে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, যতগুলো ভোট পাবো, ততগুলো গাছ লাগানোর প্রচেষ্টা ছিল। সেই লক্ষ্যেই ১ম ধাপে আমার নিজ হল শাহ মখদুম হল সংলগ্ন স্থানে ‘জিয়া ট্রি’ অর্থাৎ নিমগাছ রোপণের মাধ্যমে এই কার্যক্রম শুরু করেছি।‘
তিনি আরও বলেন, ‘পরবর্তীতে ধাপে ধাপে আরও কয়েকটি স্থানে বৃক্ষ রোপণের পরিকল্পনা রয়েছে।
আমাদের প্রিয় বিশ্ববিদ্যালয় হোক আরও সবুজ, সুন্দর ও প্রাণবন্ত।’
এই বিষয়ে শাহ মখদুম হলের শিক্ষার্থী রাজু আহমেদ বলেন,‘তার এই কার্যক্রম প্রশংসনীয়। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য গাছ লাগানোর বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্যই রক্ষা করে না, রাবি ক্যাম্পাসকে আরও সবুজ, শীতল ও বাসযোগ্য করে তোলে। আজকের লাগানো প্রতিটি চারা আগামী দিনের শিক্ষার্থীদের জন্য নির্মল বাতাস ও ছায়ার নিশ্চয়তা দেবে।’