ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৬৩
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ১৬৩ জন ডেঙ্গু রোগী।
আজ শুক্রবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ ৩৩৩ জন এবং ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৯৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া বরিশাল বিভাগে ১৫১ জন, খুলনা বিভাগে ১১১ জন, ময়মনসিংহে ৭৭ জন, রংপুর বিভাগে ৭১ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮০ জন ও দক্ষিণ সিটি করপোরেশনে ৪৫ জন রোগী চিকিৎসাধীন হয়েছেন।
এই নিয়ে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৮২ হাজার ৭৬১ জন হাসপাতালে ভর্তি হলেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৬ হাজার ৮৬২ জন। আর মশাবাহিত এই রোগটিতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন মোট ২৫০ জন।
উল্লেখ্য, এর আগে গত বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ লাখ ২ হাজার ৮৬১ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং মৃত্যু হয়েছিল ৪১৩ জনের। এছাড়া ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃতের সংখ্যা ছিল ৫৭৫ জন।