রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।
সোমবার (৫ অক্টোবর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি এস এম তাওহীদ ও সাধারণ সম্পাদক ওসমান সরদার স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, রোববার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করা ছাত্রদলের নেতা-কর্মীদের সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়।
হামলায় রামদা, চাপাতি, হকিস্টিক, রড, পাইপ ও বেসবল ব্যাটসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহারের অভিযোগ রয়েছে। এতে সাংবাদিকরা মারধরের শিকার হন এবং ক্যামেরা ও মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়।
হামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের নূর আহসান মুদ্দাসির ও দৈনিক সমকালের মাজনুন ইসলাম রাজুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
জাবি প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, ক্যাম্পাসে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর সংঘটিত এ ন্যক্কারজনক হামলার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
তারা অভিযোগ করেন, এর আগেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, গালিগালাজ ও মাইক ঘোষণার মাধ্যমে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ায় ভবিষ্যতে সাংবাদিকদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের ঝুঁকি বাড়তে পারে।
বিবৃতিতে আরও বলা হয়, একটি গণতান্ত্রিক সমাজে মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য। রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে সাংবাদিকদের ওপর হামলা ও হুমকির ঘটনায় বিচার না হওয়া স্বাধীন সাংবাদিকতাকে চরম ঝুঁকির মধ্যে ফেলেছে।
নেতৃবৃন্দ অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি