বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সকল শিক্ষককে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও গভীর শ্রদ্ধা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম।
সোমবার (৫ অক্টোবর) এক শুভেচ্ছা বার্তায় উপাচার্য বলেন, শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি একটি মহান ব্রত। একজন শিক্ষক জ্ঞানের আলো ছড়ানোর পাশাপাশি শিক্ষার্থীর স্বপ্ন, মূল্যবোধ, বিবেক ও মানবিক সত্তা গড়ে তোলেন। শিক্ষকের কথা, আদর্শ, উৎসাহ ও দিকনির্দেশনা একজন শিক্ষার্থীর জীবন বদলে দিতে পারে।
তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দীর্ঘদিন ধরে শিক্ষা, গবেষণা, জ্ঞানচর্চা ও মানবিক মূল্যবোধ বিকাশে অসামান্য অবদান রেখে চলেছেন। তাঁদের মেধা, নিষ্ঠা, প্রজ্ঞা ও ত্যাগের মধ্য দিয়েই বিশ্ববিদ্যালয়টি তার স্বাতন্ত্র্য, মর্যাদা ও গৌরব ধরে রেখেছে।
বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষকদের স্মরণ করে উপাচার্য বলেন, যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও জ্ঞানচর্চার অঙ্গনে নিজেদের জীবন ও মেধা উৎসর্গ করেছেন, তাঁদের অবদান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে।
অধ্যাপক নূরুল ইসলাম বলেন, ‘আমাদের শিক্ষকরা শুধু জ্ঞান বিতরণকারী নন, তাঁরা আগামী দিনের বাংলাদেশ গড়ার কারিগর।’ তাঁদের হাত ধরেই জ্ঞাননির্ভর, মানবিক, অসাম্প্রদায়িক, নৈতিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
শুভেচ্ছা বার্তায় উপাচার্য জাবির সকল শিক্ষকের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও শুভকামনা জানান।
একই সঙ্গে শিক্ষকদের জ্ঞান ও প্রজ্ঞার আলোয় শিক্ষার্থীদের জীবন, বিশ্ববিদ্যালয়, সমাজ ও বাংলাদেশ আরও সমৃদ্ধ হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।