বেরোবিতে পাবনা জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃত্বে শাহাদাত-মাসফিকুল

বেরোবিতে পাবনা জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃত্বে শাহাদাত-মাসফিকুল

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে পাবনা জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘পাবনা জেলা ছাত্র কল্যাণ পরিষদ’-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে বাংলা বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী শাহাদাত হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী মাসফিকুল হাসান দায়িত্ব পেয়েছেন। আগামী এক বছর তাঁরা সংগঠনটির নেতৃত্ব দেবেন।

নবীন শিক্ষার্থীদের বরণ ও নতুন কমিটি ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সংগঠনের উপদেষ্টা, বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী এবং নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ১৮তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

সংগঠনের উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. মতিউর রহমান নতুন কমিটি ঘোষণা করেন। এ সময় মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মোছা. শিউলী আক্তারসহ সংগঠনের অন্যান্য উপদেষ্টা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপদেষ্টারা নবগঠিত কমিটিকে দিকনির্দেশনা দেন এবং শিক্ষার্থীদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

নয় সদস্যের আংশিক কমিটিতে সহসভাপতি হিসেবে এস এম ইফতেখার, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. ইয়াহিয়া, সাংগঠনিক সম্পাদক হিসেবে জায়েদ আলম, কোষাধ্যক্ষ হিসেবে তানভীর আহমেদ, দপ্তর সম্পাদক হিসেবে কাজী সিয়াম হোসেন, প্রচার সম্পাদক হিসেবে অন্তিম এবং নারী বিষয়ক সম্পাদক হিসেবে মীনা খাতুন দায়িত্ব পেয়েছেন। আগামী ১৪ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে।

নবনির্বাচিত সভাপতি শাহাদাত হোসেন বলেন, “পাবনা জেলা ছাত্র কল্যাণ পরিষদ সব সময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে এসেছে। এই সংগঠন শুধু একটি পরিচিতির জায়গা নয়, বরং আমাদের ঐক্যের প্রতীক। নতুন কমিটি দায়িত্ব গ্রহণের পর সংগঠনকে আরও শক্তিশালী করার চেষ্টা করবে।”

সাধারণ সম্পাদক মাসফিকুল হাসান বলেন, “এই দায়িত্ব আমার জন্য যেমন সম্মানের, তেমনি বড় একটি দায়িত্বও। পাবনা জেলার শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে আমরা কাজ করব এবং যেকোনো প্রয়োজনে তাঁদের পাশে থাকব। আশা করি, সবাই আমাদের সহযোগিতা করবেন।”

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীরা এমন আয়োজনের জন্য সন্তোষ প্রকাশ করেন। তাঁদের মতে, বিশ্ববিদ্যালয়ে পাবনা জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক পরিচয়, বন্ধুত্ব, সহমর্মিতা ও সহযোগিতা বৃদ্ধিতে এ সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল হবে এবং পাবনা জেলা থেকে আগত শিক্ষার্থীদের শিক্ষা, সামাজিক সংযোগ ও কল্যাণমূলক কর্মকাণ্ডে সহযোগিতা বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

হেডলাইন লাইন-ব্রেক (শব্দের মাঝে ↵ চাপুন)
প্রিফিক্স ও প্রতি লাইনের ফন্ট সাইজ ও কালার
লাইন স্পেসিং
--
হেডলাইনের পজিশন