রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পদ্মা নদীর তীর থেকে পরিত্যক্ত অবস্থায় দুই কেজি হেরোইন উদ্ধার করেছে এসআরবি-৫। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মাদারপুর ডিমভাঙ্গা এলাকার টনি মেম্বারের ঘাট সংলগ্ন পদ্মাপাড়ের একটি ঝোপের কাছ থেকে এই মাদক উদ্ধার করা হয়।
এসআরবি-৫ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।
এসআরবি-৫ জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী থানার ৩ নম্বর ওয়ার্ডের মাদারপুর ডিমভাঙ্গা টনি মেম্বারের ঘাট এলাকায় অভিযান চালায় রাজশাহী সদর কোম্পানির একটি দল। এ সময় পদ্মার তীরের ঝোপঝাড়ের ভেতর তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুই কেজি হেরোইন পাওয়া যায়।
তবে অভিযানের সময় আশপাশে তল্লাশি করেও কোনো মাদক কারবারিকে পাওয়া যায়নি এবং কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দ তালিকা প্রস্তুত করে উদ্ধারকৃত মাদক গোদাগাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) মূলে হস্তান্তর করা হয়।
এই ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে এবং মাদক চক্রের মূল উৎপাটনে এসআরবির অনুসন্ধান ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।