সততা, দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে নবনিযুক্ত পুলিশ সার্জেন্ট ও উপপরিদর্শকদের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ভয়ভীতি ও পক্ষপাতিত্ব উপেক্ষা করে সব শ্রেণি-পেশার মানুষের আইনি সেবা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট উপপরিদর্শক-২০২৬ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের পাশে থেকে সেবা প্রদানের মাধ্যমে পুলিশ সদস্যদের নিজেদের সত্যিকার অর্থে জনগণের পুলিশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। দায়িত্ব পালনে সততা ও পেশাদারিত্ব বজায় রেখে মানুষের আস্থা অর্জন করাই হতে হবে তাঁদের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন এবং বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
কুচকাওয়াজে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ব্যাচের ৮৪ জন এবং ৪৩তম ক্যাডেট উপপরিদর্শক ব্যাচের ১৬২ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির এবং পুলিশ একাডেমির অধ্যক্ষ ও অতিরিক্ত মহাপরিদর্শক মো. মাইনুল হাসান উপস্থিত ছিলেন।
প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার প্রবেশনার মো. মাহবুব হোসেন।