ইউক্রেনের রেলস্টেশনে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ১৪

ইউক্রেনের রেলস্টেশনে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ১৪

ইউক্রেনের দিনিপ্রো শহরের একটি ব্যস্ত রেলস্টেশনের প্ল্যাটফর্মে রাশিয়ার প্রাণঘাতী ড্রোন হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। ভয়াবহ এই হামলায় শিশুসহ আরও ১৪ জন গুরুতর আহত হয়েছেন।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিনিপ্রো ট্রেন স্টেশনের প্ল্যাটফর্মে একটি লোকাল ও একটি দূরপাল্লার যাত্রীবাহী ট্রেন দাঁড়িয়ে থাকা অবস্থায় এই হামলা চালানো হয়।

দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের গভর্নর ওলেক্সান্দর গানঝা জানান, হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। আহত ১৪ জনের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে স্প্লিন্টারের আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ১১ বছরের এক শিশু এবং দুই পা বিচ্ছিন্ন হয়ে যাওয়া এক ব্যক্তি রয়েছেন।

হামলার পর ইউক্রেনীয় জরুরি পরিষেবার প্রকাশিত ছবি ও ভিডিওতে প্ল্যাটফর্মে মরদেহ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়। ছবিগুলোতে দেখা যায়, জানালার কাঁচ ভাঙা ও আগুনে পোড়া দুটি যাত্রীবাহী ট্রেন থেকে উদ্ধারকর্মীরা হাত বাড়িয়ে ক্ষতিগ্রস্তদের নিরাপদে সরিয়ে নিচ্ছেন।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একে ‘ভয়াবহ ও নৃশংস হামলা’ হিসেবে আখ্যা দিয়েছেন। কিয়েভের মিত্র দেশগুলোর কাছ থেকে কড়া জবাবের দাবি জানিয়ে তিনি বলেন, ‘যতদিন রাশিয়ার এই আগ্রাসন অব্যাহত থাকবে, ততদিন মস্কো ও তাদের যুদ্ধযন্ত্রের ওপর চাপানো নিষেধাজ্ঞা কোনোভাবেই শিথিল করা যাবে না।’

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও এই বেসামরিক নাগরিকদের ওপর হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ তিনি লেখেন, ‘রাশিয়া সব ধরনের শান্তির প্রস্তাব প্রত্যাখ্যান করে বারবার যুদ্ধ উসকে দিচ্ছে এবং সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু বানাচ্ছে—যা কোনোভাবেই বরদাশত করা যায় না।’

উল্লেখ্য, ২০২২ সাল থেকে রাশিয়ার দখলে থাকা ওলেশকি শহরে উভয় পক্ষের একটি ভঙ্গুর স্থানীয় যুদ্ধবিরতি চলাকালেই দিনিপ্রো শহরের এই হামলাটি ঘটল।

হেডলাইন লাইন-ব্রেক (শব্দের মাঝে ↵ চাপুন)
প্রিফিক্স ও প্রতি লাইনের ফন্ট সাইজ ও কালার
লাইন স্পেসিং
--
হেডলাইনের পজিশন