রাবিতে চার দিনব্যাপী ট্যুরিজম ফেয়ার ও ফুড ফেস্টিভ্যাল শুরু ৪ নভেম্বর

রাবিতে চার দিনব্যাপী ট্যুরিজম ফেয়ার ও ফুড ফেস্টিভ্যাল শুরু ৪ নভেম্বর

পর্যটন, ঐতিহ্য, সংস্কৃতি ও বৈচিত্র্যময় খাবারের সমন্বয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী ‘৪র্থ ট্যুরিজম ফেয়ার অ্যান্ড ফুড ফেস্টিভ্যাল-২০২৬’। আগামী ৪ নভেম্বর থেকে শুরু হয়ে এ আয়োজন চলবে ৭ নভেম্বর পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে এ মেলার আয়োজন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে আয়োজিত এ মেলায় থাকছে দেশীয় ও আন্তর্জাতিক খাবারের বৈচিত্র্যময় আয়োজন, দেশীয় হস্তশিল্প, উদ্যোক্তাদের বিভিন্ন উদ্যোগ, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

পাশাপাশি মেলার প্রতিদিনই থাকছে দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী গান, নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনা। এর মাধ্যমে শিক্ষার্থী ও দর্শনার্থীরা দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্য, সংস্কৃতি ও খাদ্যাভ্যাস সম্পর্কে জানার সুযোগ পাবেন।

আয়োজকদের প্রত্যাশা, এ মেলার মাধ্যমে দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতির প্রচারের পাশাপাশি দেশের পর্যটনশিল্পের সম্ভাবনা ও বৈচিত্র্য তুলে ধরা সম্ভব হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের সৃজনশীলতা, সাংগঠনিক দক্ষতা এবং উদ্যোক্তা হওয়ার আগ্রহ বিকাশে আয়োজনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে পর্যটন ও হসপিটালিটি ব্যবস্থাপনা বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের বাইরের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।

বিভাগের চেয়ারম্যান ড. মো. জাহিদ হোসেন বলেন, ‘পর্যটনশিল্পের বিকাশ, দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতির প্রচার এবং শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান অর্জনের ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’ তিনি আরও বলেন, ‘আমরা আশা করি, এ মেলা শিক্ষার্থী ও দর্শনার্থীদের মধ্যে পর্যটন সম্পর্কে আগ্রহ বাড়ানোর পাশাপাশি নতুন সম্ভাবনা তুলে ধরবে।’

বিভাগের অধ্যাপক ড. মো. এনায়েত হোসাইন বলেন, ‘ট্যুরিজম ফেয়ার অ্যান্ড ফুড ফেস্টিভ্যাল শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা পর্যটন, হসপিটালিটি, খাদ্যসংস্কৃতি ও উদ্যোক্তা কার্যক্রম সম্পর্কে আরও বিস্তৃত ধারণা লাভ করতে পারবে।’

মেলার সূচিতে যা থাকছে

আয়োজকদের প্রকাশিত সূচি অনুযায়ী, ৪ নভেম্বর সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে চার দিনব্যাপী এ মেলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। উদ্বোধনের পর কেক কাটা, র‍্যালি, কর্ম অধিবেশন ও মেলা পরিদর্শনের আয়োজন রয়েছে। বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে আলোচনা সভা। সন্ধ্যা ৬টায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনা এবং সন্ধ্যা ৭টায় সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম দিনের আয়োজন শেষ হবে।

মেলার দ্বিতীয় দিন ৫ নভেম্বর সকাল ৯টায় স্টল উদ্বোধনের মাধ্যমে কার্যক্রম শুরু হবে। এরপর মেলা পরিদর্শন ও দুপুরের বিরতি থাকবে। বিকেল ৪টায় আলোচনা সভা, সন্ধ্যা ৬টায় ঐতিহ্যবাহী আলকাপ গান এবং সন্ধ্যা ৭টায় নৃত্য পরিবেশনা অনুষ্ঠিত হবে।

তৃতীয় দিন ৬ নভেম্বর সকাল ৯টায় স্টল উদ্বোধন এবং সকাল ১০টায় মেলা পরিদর্শন শুরু হবে। দুপুর ১টায় মধ্যাহ্নভোজ ও প্রার্থনার বিরতি থাকবে। বিকেল ৪টায় আলোচনা সভা, সন্ধ্যা ৬টায় ঐতিহ্যবাহী গম্ভীরা গান এবং সন্ধ্যা ৭টায় শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে।

মেলার শেষ দিন ৭ নভেম্বর সকাল ৯টায় স্টল খোলা হবে। দুপুর ১টায় বিরতির পর বিকেল সাড়ে ৩টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিকেল ৪টায় মেলা পরিদর্শন ও স্টল মূল্যায়ন করা হবে। এরপর বিকেল ৫টা ৪০ মিনিটে ‘Agni Alliance’-এর নৃত্য পরিবেশনা, সন্ধ্যা সাড়ে ৬টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং সন্ধ্যা ৭টায় ‘Melody of BD’-এর সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে। রাত ৮টায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে চার দিনব্যাপী এ আয়োজনের পর্দা নামবে।

আয়োজকেরা জানিয়েছেন, মেলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের দর্শনার্থীদের অংশগ্রহণের সুযোগ থাকবে। তাঁরা এ আয়োজনকে সফল করতে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের পাশাপাশি রাজশাহীর স্থানীয় বাসিন্দা ও আগ্রহী দর্শনার্থীদেরও মেলায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।

হেডলাইন লাইন-ব্রেক (শব্দের মাঝে ↵ চাপুন)
প্রিফিক্স ও প্রতি লাইনের ফন্ট সাইজ ও কালার
লাইন স্পেসিং
--
হেডলাইনের পজিশন