রাজশাহীতে দুর্যোগ ও মহামারি মোকাবিলায় স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধি, জনস্বাস্থ্য সচেতনতা সৃষ্টি এবং মানবিক সেবার সক্ষমতা জোরদারের লক্ষ্যে চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
রোববার (১ নভেম্বর) দুপুরে রাজশাহীর পবা উপজেলার বায়া এলাকার পাকুড়িয়ায় আশ্রয় ট্রেনিং সেন্টারে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী জেলা ইউনিটের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট ফেডারেশনের (আইএফআরসি) অর্থায়নে আয়োজিত এ প্রশিক্ষণ চলবে ৪ নভেম্বর পর্যন্ত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী জেলা ইউনিটের চেয়ারম্যান ও রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা বলেন, মানবিক সেবায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগ, মহামারি ও যেকোনো জরুরি পরিস্থিতিতে স্বেচ্ছাসেবকেরা মানুষের পাশে থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাঁদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণ কার্যকর ভূমিকা রাখবে।
তিনি প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান বাস্তব ক্ষেত্রে কাজে লাগিয়ে অসহায়, ঝুঁকিপূর্ণ ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য স্বেচ্ছাসেবকদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি মানবিক সেবার মনোভাব নিয়ে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রাজশাহী জেলা ইউনিটের কার্যনির্বাহী সদস্য আতিক শাহরিয়ার, সিনিয়র আরসিওয়াই মোঃ সোলাইমান হোসেন রকি ও যুবপ্রধান মোঃ জাকারিয়া ইকবাল অন্তর।
চার দিনব্যাপী এ প্রশিক্ষণে রাজশাহী জেলা ইউনিটের ৩০ জন স্বেচ্ছাসেবক অংশ নিচ্ছেন।