ডাকসু নির্বাচন নিয়ে রিটের পর ব্যবস্থা নিলো বিশ্ববিদ্যালয় প্রশাসন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বইছে নির্বাচনী হাওয়া। নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। তবে সেই নির্বাচনী হাওয়ার মধ্যেই সামনে এসেছে ভিন্ন খবর। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫—ঘিরে সুপ্রীম কোর্টে রিট দায়ের করেছেন ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী’ প্যানেলের আইন ও মানবাধিকার সম্পাদক শাখওয়াত মোহাম্মদ জাকারিয়া। রোববার (২৪ আগস্ট) বাদি হয়ে সুপ্রিম কোর্টে একটি রিট দায়ের করেন তিনি।
জাকারিয়ার দায়ের করা রিটে বলা হয়, ‘ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে প্রকাশিত ভোটার তালিকা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। যেখানে শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ও ছবি রয়েছে। তালিকাটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়ায় শিক্ষার্থীদের গোপনীয়তা মারাত্মকভাবে লঙ্ঘিত হয়েছে। বিশেষ করে নারী শিক্ষার্থীরা অনলাইন হয়রানি ও বুলিংয়ের শিকার হয়েছেন।’

‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী’ প্যানেলের আইন ও মানবাধিকার সম্পাদক শাখওয়াত জাকারিয়ার করা রিটের কপি। ছবি : জাকারিয়ার ফেসবুক পেজ অ্যাকাউন্ট থেকে নেওয়া
নিজের ফেসবুক একাউন্টে এক স্ট্যাটাসে রিট দায়ের করার বিষয়টি জানিয়েছেন জাকারিয়া। সেখানে তিনি লিখেছেন, ‘ডাকসুর ভোটার তালিকাকে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উন্মক্ত করা এবং ভোটার তালিকা থেকে মেয়ে শিক্ষার্থীদের ছবি সরিয়ে দিয়ে, শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ তথ্যের প্রাইভেসি রক্ষার জন্য, আমরা চীফ রিটার্নিং বরাবর আবেদন করেছিলাম। কিন্তু এ ব্যাপারে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করায় আমরা সুপ্রিম কোর্টের দারস্থ হতে বাধ্য হয়েছি। আমরা রিট দায়ের করেছি।’
আরও পড়ুন- ছাত্রীদের জন্য এখনো নিরাপদ পরিবেশ গড়ে ওঠেনি : সাদিক কায়েম
এই ঘটনার পরপরই অবশ্য দাবি মেনে নিয়েছে ডাকসু নির্বাচন কমিশন। সর্বসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ডাকসুর চূড়ান্ত ভোটার তালিকা। ডাকসুর চীফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসিম উদ্দিন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দাবি মেনে নিয়ে চীফ রিটার্নিং কর্মকর্তার দেওয়া বিজ্ঞপ্তি। ছবি : ফেসবুক থেকে নেওয়া
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর খসড়া ভোটার তালিকা এতদিন সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল। কিন্তু শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ থেকে (২৪ আগস্ট) খসড়া ভোটার তালিকা সর্বসাধারণের জন্য বন্ধ করা হলো।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘তবে সংশ্লিষ্ট হল ও দপ্তরগুলোর জন্য চূড়ান্ত ভোটার তালিকা উন্মুক্ত থাকবে।’
ডাকসু নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, বলা হচ্ছে, এবারের ডাকসু নির্বাচনে সর্বাধিক প্রার্থী নির্বাচন করছেন। ৫০৯টি মনোনয়ন ফরম জমা দেওয়া হয়েছে। এর মধ্যে ভিপি (সহ‑সভাপতি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৮ জন প্রার্থী। জিএস (সাধারণ সম্পাদক) পদে ১৯ জন প্রার্থী। আর এজিএস (সহ‑সাধারণ সম্পাদক) পদে মনোয়ান জমা দিয়েছেন ২৮ জন প্রার্থী।
নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন। ইতোমধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন প্রার্থীরা। সোমবার (২৫ আগস্ট) পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার করা যাবে। ২৬ আগস্ট প্রকাশ করা হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা।