কোন রোগের জন্য কোন ডাক্তারের কাছে যাবেন
অনেক সময়ই আমার অসুস্থ হয়ে পড়ি। প্রাথমিক চিকিৎসা নিয়ে হয়তো কিছুটা সুস্থও হয়ে যাই। পরবর্তীতে আবার চেকআপের জন্য ডাক্তারের কাছে যেতে হয়। আবার কখনো কখনো গুরুতর অসুস্থ হয়েও চিকিৎসকের শরণাপন্ন হতে হয়। কিন্তু অনেকেই বুঝতে পারেন না, কোনো রোগের জন্য কোন ডাক্তার দেখাবেন। সেই সব প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। যেটা আপনাকে সহযোগীতা করবে, কোন রোগে কোন ডাক্তারের কাছে যাবেন সেই বিষয়ে।
মানসিক সমস্যা – সাইকিয়াট্রিস্ট (Psychiatrist)
মানসিক সমস্যাকে অনেকেই গুরুত্ব দেন না, আবার অনেকে বুঝেই ওঠেন না যে তারা সমস্যায় আছেন। যদি আপনি দীর্ঘদিন ধরে বিষণ্ণতা (ডিপ্রেশন), অতিরিক্ত দুশ্চিন্তা, ভয় (ফোবিয়া), ঘুমের সমস্যা, আচরণগত পরিবর্তন বা সিজোফ্রেনিয়ার মতো জটিলতায় ভোগেন, তাহলে আপনাকে একজন সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হতে হবে।
পেট ও হজমের সমস্যা – গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট (Gastroenterologist)
আপনি যদি গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি, লিভারের সমস্যা, আলসার, বদহজম, হেপাটাইটিস, পেট ফাঁপা, দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য কিংবা হজমজনিত সমস্যায় ভোগেন, তবে গ্যাস্ট্রোএন্টারোলজিস্টই হবে আপনার সঠিক ঠিকানা। এই সকল বিষয়ে বিশেষজ্ঞ তিনি।
মাথা ও স্নায়ুর সমস্যা – নিউরোলজিস্ট (Neurologist)
আপনি যদি মাথাব্যথা, ঘন ঘন খিঁচুনি, পক্ষাঘাত, শরীরের কোনো অংশ অবশ হয়ে যাওয়া, টিউমার বা স্নায়ুর রোগে ভোগেন, তাহলে আপনাকে শরনাপন্ন হতে হবে একজন নিউরোলজিস্টের।
হৃদরোগ ও রক্তচাপ – কার্ডিওলজিস্ট (Cardiologist)
বুক ধড়ফড়, বুকে ব্যথা, উচ্চ বা নিম্ন রক্তচাপ, হার্ট অ্যাটাক, হার্ট ব্লকের মতো রোগ হলে আপনাকে যেতে হবে একজন একজন অভিজ্ঞ কার্ডিওলজিস্টের কাছে। পরবর্তীতে যদি হার্টে রিং পরানো, বাইপাস বা ওপেন হার্ট সার্জারির প্রয়োজন হয়, তখন আপনাকে যেতে হবে একজন কার্ডিয়াক সার্জনের কাছে। যিনি হার্টের অপারেশন করেন।
ত্বক ও যৌনরোগ – ডার্মাটোলজিস্ট (Skin & VD Specialist)
ত্বকে চুলকানি, লাল দাগ, ফুসকুড়ি, সোরায়াসিস, একজিমা, মুখের বর্ণ, মুখের দাগ, অতিরিক্ত চুল পড়া, স্ক্যাল্পের সমস্যা বা যৌন রোগে ((যেমন: সিফিলিস, গনোরিয়া) ভোগেন, তাহলে আপনাকে একজন অভিজ্ঞ ডার্মাটোলজিস্টের চিকিৎসা নিতে হবে। চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী, তিনি এই রোগের জন্য বিশেষজ্ঞ।
চোখের সমস্যা – চক্ষু বিশেষজ্ঞ (Ophthalmologist)
চোখে ঝাপসা দেখা, চোখ লাল হওয়া, ছানি পড়া, চোখ চুলকানো, চোখে ব্যাথা বা গ্লুকোমা জনিত সমস্যায় ভোগেন, তাহলে আপনাকে যেতে হবে একজন চক্ষু বিশেষজ্ঞ বা অপথালমোলজিস্টের কাছে। বর্তমানে জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালে সরকারিভাবে চোখের ভালো চিকিৎসা হয়।
স্ত্রীরোগ ও গর্ভাবস্থা – গাইনোকলজিস্ট (Gynecologist & Obstetrician)
মাসিক অনিয়ম, জরায়ুর সমস্যা, হরমোনজনিত সমস্যা, বন্ধ্যাত্ব, গর্ভধারণ, সন্তান প্রসব বা গর্ভকালীন রুটিন পরীক্ষার জন্য আপনাকে একজন গাইনোকলজিস্টের কাছে যেতে হবে।
নাক, কান ও গলার সমস্যা – ইএনটি বিশেষজ্ঞ (ENT Specialist)
কানে কম শোনা, কান দিয়ে পুঁজ পড়া, নাক দিয়ে রক্ত পড়া, সাইনাস, টনসিল বা গলার অন্য কোনো রোগে আক্রান্ত হলে আপনাকে শরনাপন্ন হতে হবে একজন ইএনটি (নাক-কান-গলা) বিশেষজ্ঞের।
রক্তের সমস্যা – হেমাটোলজিস্ট
রক্তশূন্যতা (অ্যানিমিয়া), থ্যালাসেমিয়া, ব্লাড ক্যান্সার, হিমোফিলিয়া, অস্থিমজ্জা, হিমোগ্লোবিন সমস্যা বা অস্থিমজ্জা সংক্রান্ত জটিল রোগে আপনাকে একজন হেমাটোলজিস্ট শরনাপন্ন হতে হবে।
দাঁত ও মাড়ির সমস্যা – ডেন্টিস্ট (Dentist)
দাঁতের ব্যথা, দাঁত ওঠানো, দাঁতে পোকা, ব্রেস পরানো, রুট ক্যানেল, মাড়ির ইনফেকশনসহ দাঁতের সকল সমস্যার জন্য আপনাকে যেতে হবে একজন ডেন্টিস্টের কাছে। এছাড়াও যদি আপনার মুখের কোনো হাড় ভেঙ্গে যায় তাহলে আপনাকে যেতে হবে একজন ডেন্টাল সার্জনের কাছে।
শ্বাসকষ্ট ও যক্ষ্মা – পালমোনোলজিস্ট (Pulmonologist)
হাঁপানি, দীর্ঘমেয়াদি কাশি, শ্বাসকষ্ট, বুকে চাপ অথবা যক্ষ্মার লক্ষণ দেখা দিলে আপনাকে একজন চেস্ট বা পালমোনারি বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।
কিডনি ও মূত্রনালি – নেফ্রোলজিস্ট / ইউরোলজিস্ট (Nephrologist)
আপনার যদি কিডনিতে পাথর, প্রস্রাবে জ্বালা, ঘন ঘন প্রস্রাব বা ইউরিন ইনফেকশন হয় তাহলে আপনাকে একজন নেফ্রোলজিস্ট ডাক্তারকে দেখাতে হবে। আর যদি অস্ত্রোপচারের প্রয়োজন হয়, তাহলে ইউরোলজিস্টের কাছে যেতে হবে।
হাড়, জয়েন্ট ও মেরুদণ্ড – অর্থোপেডিক সার্জন (Orthopedic Doctor)
হাত বা পা ভাঙা, হাড় ক্ষয়, বাত ব্যথা, হাঁটুতে ব্যাথা বা মেরুদণ্ডের জটিলতায় আপনাকে একজন অর্থোপেডিক সার্জনের শরনাপন্ন হতে হবে। তাহলে সহজে সঠিক চিকিৎসা পাবেন।
শিশুদের অসুখ – শিশু বিশেষজ্ঞ
শিশুদের চিকিৎসা বেশ জটিল, তাদের জন্য আলাদা ওষুধ এমনকি ব্যবহার বিধিও আলাদা। তাই যদি কোনো শিশুর জ্বর, সর্দি-কাশি, নিউমোনিয়া, ডায়রিয়া, ইনফেকশন বা টাইফয়েড হয় তাহলে একজন অভিজ্ঞ শিশু বিশেষজ্ঞের শরনাপন্ন হতে হবে আপনাকে।
সাধারণ রোগ – মেডিসিন বিশেষজ্ঞ (Medicine Specialist)
জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া, হালকা ইনফেকশন বা দুর্বলতার মতো সমস্যায় একজন অভিজ্ঞ মেডিসিন বিশেষজ্ঞ ভালো চিকিৎসা দিতে পারেন।
প্রাথমিক চিকিৎসা – সাধারণ এমবিবিএস চিকিৎসক (General Physician)
কোনো সমস্যা শুরু হলে প্রথমে একজন সাধারণ এমবিবিএস চিকিৎসকের কাছে গেলে তিনি প্রয়োজন অনুযায়ী আপনাকে বিশেষজ্ঞের কাছে রেফার করবেন।