হাবিপ্রবিতে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন
স্বৈরাচারকে রুখে দাও’ এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে হাবিপ্রবিতে শুরু হতে যাচ্ছে বছরের অন্যতম প্রতীক্ষিত আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন।
‘এইচএসটিইউ ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন কনফারেন্স ২০২৫’ (HSTUIMUN 2025) অনুষ্ঠিত হবে আগামী ২৩ থেকে ২৫ অক্টোবর। তিন দিনব্যাপী এই সম্মেলনে অংশ নেবেন দেশের ৪০ টি বিশ্ববিদ্যালয় ও স্কুল,কলেজ থেকে আগত প্রায় ৩৩০ জন প্রতিনিধি।
শনিবার (১৯ অক্টোবর) এক প্রেস ব্রিফিংয়ে সম্মেলনের সেক্রেটারি জেনারেল ফাহিম আল মাহমুদ বলেন,“আমাদের এবারের সম্মেলন তরুনদের নেতৃত্ব চর্চার জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে। এই আয়োজন তরুণদের মাঝে ঐক্য, সাহস ও মানবিক চেতনা জাগ্রত করার এক গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে।”
আয়োজক সূত্রে জানা গেছে,এই সম্মেলনে জাতিসংঘ ও বৈশ্বিক কূটনীতির গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করার জন্য নয়টি ভিন্নধর্মী কমিটি গঠন করা হয়েছে।এর মধ্যে দুইটি বিশেষায়িত কমিটি এ বছর প্রথমবারের মতো যুক্ত হয়েছে। বিশেষভাবে একটি বিশেষায়িত কমিটিতে দ্বি-প্রতিনিধি পদ্ধতি প্রবর্তন করা হয়েছে, যা হাবিপ্রবি ছায়া জাতিসংঘ সম্মেলনের ইতিহাসে নতুন সংযোজন।
উল্লেখ্য, হাবিপ্রবি আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন (HSTUIMUN) প্রতিবছর দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।এটি তরুণ প্রজন্মের মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক, নীতি-নির্ধারণ ও নেতৃত্ব বিকাশের জন্য বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ছায়া জাতিসংঘ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি পেয়েছে।