জোবায়েদ হত্যা : বিচারের দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা জোবায়েদ হোসেন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (২২ অক্টোবর) দুপুরে সাধারণ শিক্ষার্থীরা এই বিক্ষোভ কর্মসূচি পালন করে। সমাবেশটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে শান্ত চত্বরে সংক্ষিপ্ত বিবৃতির মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভে শিক্ষার্থীরা— “খুন হয়েছে আমার ভাই, খুনি তোর রক্ষা নাই”; খুন হয়েছে আমার ভাই,“বর্ষা তোর রক্ষা নাই”;“আমার ভাই কবরে, খুনি কেন বাইরে”; ইত্যাদি স্লোগান দেয়।
এ সময় পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রিপন রউফ রিপন বলেন, “পুলিশ যে বিবরণ দিয়েছে তা আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। আমি দাবি জানাই, ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করা হোক। আমরা দোষীদের ফাঁসি চাই।”
জুবায়েদের সহপাঠী সজল বলেন, “পুলিশ এখনো বর্ষার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেনি। শুধু বর্ষা মাহির নয়, এই ঘটনায় তার পরিবারও জড়িত। গতকাল কোর্টে পুলিশ আমাদের সঙ্গে বাজে ব্যবহার করেছে। আমাদের এক বান্ধবী ভিডিও করতে গেলে তার ফোন কেড়ে নেয়া হয়। পুলিশের এমন আচরণের তীব্র নিন্দা জানাই।”
তিনি আরও বলেন, “ সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের কঠিনতম শাস্তি দেওয়া হোক।”
গত এক বছর ধরে জোবায়েদ হোসেন পুরান ঢাকার আরমানীটোলায় ১৫, নুরবক্স লেনে রৌশান ভিলা নামের বাসায় বর্ষা নামের এক ছাত্রীকে ফিজিক্স ক্যামেস্ট্রী ও বায়োলজি পড়াতেন। রোববার আনুমানিক বিকাল ৪ টার ৪৫ মিনিটের দিকে ছাত্রীর বাসার তিন তলায় উঠতে সিড়িতে তিনি খুন হন। বাসার নিচ তলার সিড়ি থেকে তিন তলা পর্যন্ত সিড়িতে রক্ত পড়েছিলো।
এদিকে, পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসেন হত্যাযর ঘটনায় এক দিনের শোক ঘোষণা ও ২০তম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। একই সঙ্গে ২১ ও ২২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। গত সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।