হবিরবাড়ি জামায়াতের উদ্যোগে রক্তাক্ত ২৮ অক্টোবর স্মরণে আলোচনা সভা
বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিরবাড়ি ইউনিয়ন শাখার উদ্যোগে ‘রক্তাক্ত ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি’ স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে ইউনিয়নের স্থানীয় একটি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- হবিরবাড়ি ইউনিয়ন জামায়াতের সভাপতি জহির উদ্দিন মোহাম্মদ বাবর। অনুষ্ঠান পরিচালনা করেন- ইউনিয়ন সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শাখার সেক্রেটারি মাহবুবুর রশিদ ফরায়েজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভালুকা উপজেলা জামায়াতের আমির সাইফুল্লাহ পাঠান ফজলু ও উপজেলা সেক্রেটারি শাহিদুর রহমান শাহীন।
বক্তারা বলেন, “২৮ অক্টোবরের ঘটনাটি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক রক্তাক্ত অধ্যায়। এই দিনের শহীদদের ত্যাগকে স্মরণ করে সত্য ও ন্যায়ের সমাজ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
প্রধান অতিথি মাহবুবুর রশিদ ফরায়েজী বলেন, “দেশে বর্তমানে যে বিশেষ রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে, তা ইসলাম ও ন্যায়ের পক্ষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। আমাদেরকে এই সুযোগ কাজে লাগিয়ে জনগণের ভোটের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ আসন অর্জন করে একটি ন্যায়নিষ্ঠ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।”
বিশেষ অতিথি সাইফুল্লাহ পাঠান ফজলু বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী স্বাধীনতা, ন্যায় ও গণতন্ত্র রক্ষার সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখে এসেছে এবং ভবিষ্যতেও সে দায়িত্ব পালন করবে।”
উপজেলা সেক্রেটারি শাহিদুর রহমান শাহীন বলেন, “নির্বাচনী মাঠে সংগঠনের শক্তি ও জনসমর্থনকে কাজে লাগিয়ে দেশপ্রেমিক শক্তির বিজয় নিশ্চিত করতে হবে।”
সভাপতি জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, “আমাদেরকে আগামী নির্বাচনে বিজয়ের মাধ্যমে ২৮ অক্টোবরের রক্তের ঋণ শোধ করতে হবে।”
অনুষ্ঠানে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শেষে ২৮ অক্টোবরের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।