ববি ছাত্রদলের নেতৃত্বে মোশাররফ-শান্ত
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি গঠনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই তিন পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ আরিফ হোসাইন শান্ত এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ মিজানুর রহমান।
আজ বুধবার (৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে সকাল ১০টা থেকে বেলা ১টা ৩০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচনে মোট ২৪০ জন ভোটারের মধ্যে ভোট দেন ২৩৯ জন। এর মধ্যে ৪টি ভোট অনলাইনে গ্রহণ করা হয়। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
নির্বাচনে সভাপতি পদে ৫ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ২ জন প্রতিদ্বন্দ্বীতা করেন।
নির্বাচনের ফলাফল অনুযায়ী ১১৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন ১৮-১৯ সেশনের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মোঃ মোশাররফ হোসেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশিক পেয়েছেন ৮৬ ভোট। ১২৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে ১৮-১৯ সেশনের বাংলা বিভাগের শিক্ষার্থী মোঃ আরিফ হোসাইন শান্ত, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইত্তেসাফ আর রাফি পেয়েছেন ১০৩ ভোট।
অন্যদিকে, সাংগঠনিক সম্পাদক পদে ১৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ১৯-২০ সেশনের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোঃ মিজানুর রহমান এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃবিল্লাল হাসেন পেয়েছেন ৭১ ভোট।
প্রধান নির্বাচন কমিশনার মো. নিজাম উদ্দিন বলেন, “আজকের এই নির্বাচন ছাত্ররাজনীতির ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। নির্বাচিত নেতৃবৃন্দকে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে উদযাপন করতে হবে। আমরা চাইলেই এই কমিটি ঢাকায় বসে দিতে পারতাম। তবে দেশনেতার নির্দেশে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিনিধি নির্বাচন করেছি।”