হাবিপ্রবিতে বিজয় দিবসের র্যালী শিক্ষার্থীশূন্য
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর আয়োজিত বর্ণাঢ্য বিজয় র্যালী শিক্ষার্থীদের অংশগ্রহণ ছাড়াই অনুষ্ঠিত হয়েছে। প্রায় ১২ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত এ বিশ্ববিদ্যালয়ে র্যালীতে তাদের উপস্থিতি ছিল নগণ্য।
উপাচার্যের নেতৃত্বে অনুষ্ঠিত র্যালীতে অংশ নেয় জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ, সাদা দল, অফিসার্স ফোরাম, জাতীয়তাবাদী কর্মচারী পরিষদ ও পরিসংখ্যান সমিতি। তবে শিক্ষার্থীদের মধ্যে কেবল বিএনসিসি সদস্য এবং পরিসংখ্যান শিক্ষক সমিতির কয়েকজন শিক্ষার্থীকে দেখা গেছে। ফলে র্যালীটি মূলত প্রশাসনিক ও সংগঠনভিত্তিক আয়োজনে সীমাবদ্ধ থাকে।
জাতীয় দিবস উদযাপন কমিটির সদস্য সচিব ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এমদাদুল হাসান বলেন, “র্যালীতে শিক্ষার্থী অংশগ্রহণ না করা দুঃখজনক। এসব আয়োজন তো শিক্ষার্থীদের জন্যই। তারাই উৎসবমুখর পরিবেশে র্যালিতে অংশ নিবে।”
শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের আয়োজন না থাকার প্রসঙ্গে তিনি জানান, সম্প্রতি সমাবর্তন উপলক্ষে বড় আয়োজন হওয়ায় বিজয় দিবসে হল ফিস্ট বা বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়নি।
অন্যদিকে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, প্রশাসন তাদের সম্পৃক্ত করার মতো কোনো উদ্যোগ নেয়নি। তাদের ভাষ্য, “নিজেদের ইচ্ছে মত আর সুবিধামত আয়োজন করেছে প্রশাসনই উদযাপন করুক।”
হাবিপ্রবিতে সামগ্রিক উন্নয়নের সঙ্গে শিক্ষার্থীদের সম্পৃক্ত না করে, বরং বঞ্চিত রেখে শিক্ষার্থী ছাড়াই একের পর এক কর্মসূচি পালন করে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।