শিফট প্রথার নেতিবাচক প্রভাব : সন্ধ্যা পর্যন্ত জাবিতে ভর্তি পরীক্ষা, ভোগান্তিতে ভর্তিচ্ছুরা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সন্ধ্যার পর পর্যন্ত চলায় ভোগান্তিতে পড়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা। বিশেষ করে দূরদূরান্ত থেকে আসা পরীক্ষার্থীদের যাতায়াত ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা ৪০ মিনিট পর্যন্ত মোট ছয়টি শিফটে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দীর্ঘ সময় ধরে পরীক্ষা চলায় শেষ শিফটের পরীক্ষার্থীরা সন্ধ্যার দিকে পরীক্ষা কেন্দ্র ত্যাগ করেন। ফলে অনেক শিক্ষার্থীকে অন্ধকারে ও যানবাহন সংকটের মধ্যে বাড়ির পথে রওনা দিতে হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ‘সি’ ইউনিটে ভর্তি পরীক্ষায় আবেদন করেন মোট ৪৭ হাজার ৪৯৮ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র আবেদন করেন ২০ হাজার ৪০১ জন এবং ছাত্রী ২৭ হাজার ৯৭ জন। বিপুল সংখ্যক পরীক্ষার্থী থাকায় একদিনেই ছয় শিফটে পরীক্ষা নিতে বাধ্য হয় প্রশাসন।
এ বিষয়ে জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, “মাগরিবের নামাজের সময় পরীক্ষা রাখা কোনোভাবেই যৌক্তিক নয়। প্রশাসন চাইলে পরীক্ষা অন্যদিনে বা কম শিফটে আয়োজন করতে পারতো। সন্ধ্যার পর পরীক্ষা দিলে শিক্ষার্থীদের নিরাপত্তার ঝুঁকি তৈরি হয়। এমন সিদ্ধান্ত প্রশাসনের কাছ থেকে কাম্য নয়।”
অন্যদিকে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহফুজুর রহমান বলেন, “আজ বাধ্য হয়েই আমাদের সন্ধ্যার পর পর্যন্ত পরীক্ষা নিতে হয়েছে। আমরা বিকল্প পথ খুঁজেছি, কিন্তু উপায় ছিল না। কেবল আজকেই ছয়টি শিফটে পরীক্ষা হয়েছে। পরবর্তী ইউনিটগুলোর পরীক্ষায় শিফট সংখ্যা কম থাকবে।” তিনি ভর্তিচ্ছু শিক্ষার্থীরা যেন নিরাপদ ও নির্বিঘ্নে নিজ নিজ গন্তব্যে ফিরতে পারেন, সে জন্য সবার দোয়া কামনা করেন।
উল্লেখ্য, আগামীকাল সোমবার (২২ ডিসেম্বর) ‘বি’ ইউনিটভুক্ত সমাজবিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ইউনিটে ছাত্রদের ১৬৩টি ও ছাত্রীদের ১৬৩টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৮ হাজার ৮০১ জন ছাত্র এবং ১১ হাজার ৭৮৪ জন ছাত্রী।