প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে জকসু নির্বাচন, ভোটগ্রহণ শুরু

প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে জকসু নির্বাচন, ভোটগ্রহণ শুরু

দীর্ঘ ২০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। কোনো বিরতি ছাড়াই এই ভোট চলবে বিকেল ৩টা পর্যন্ত।

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম এই নির্বাচনকে ঘিরে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। ক্যাম্পাস জুড়ে বইছে নতুন প্রাণের স্পন্দন।

নির্বাচন কমিশন জানিয়েছে, জকসু ও হল সংসদ নির্বাচনের জন্য মোট ৩৯টি ভোটকেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি এবং বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রীদের জন্য আলাদা ১টি কেন্দ্র রয়েছে। শিক্ষার্থীদের সুবিধার্থে প্রতি ১০০ জন ভোটারের জন্য একটি করে বুথ রাখা হয়েছে। দ্রুত ফলাফল দেওয়ার জন্য আধুনিক ৬টি ওএমআর (OMR) মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হবে।

জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান জানান, একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কড়া নিরাপত্তার মধ্যে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হয়েছে। পুরো ক্যাম্পাস এখন সিসিটিভি ক্যামেরার নজরদারিতে রয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও মাঠে কাজ করছে।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর এই নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু ওই দিন ভোরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্বাচন স্থগিত করেছিল। পরে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ওই দিন বিকেলেই সিন্ডিকেট সভা ডেকে আজকের তারিখ (৬ জানুয়ারি) চূড়ান্ত করা হয়। আজ সকাল সাড়ে ৮টায় ভোট শুরুর কথা থাকলেও যান্ত্রিক ও অন্যান্য কারণে ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।