’বাহাস ওপেন’ বিতর্কে রানার-আপ রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং ফোরাম
’ডিবেটার্স অব চিটাগং ইউনিভার্সিটি’ (DCU) আয়োজিত ইংরেজি ব্রিটিশ পার্লামেন্টারি বিতর্ক প্রতিযোগিতা ‘বাহাস ওপেন ২০২৬’-এ বড় সাফল্য পেয়েছে রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং ফোরাম (RUDF)। প্রতিযোগিতার নোভিস ক্যাটাগরিতে রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেছে সংগঠনটির দল ‘RUDF A’।
সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত নৈপুণ্যেও উজ্জ্বল ছিলেন দলটির বিতার্কিকরা। নোভিস ক্যাটাগরিতে টুর্নামেন্টের সেরা বিতার্কিক (Debater of the Tournament) নির্বাচিত হয়েছেন শিহাব সারার প্রত্যয়। এছাড়া একই ক্যাটাগরিতে তৃতীয় সেরা বিতার্কিক হওয়ার কৃতিত্ব দেখিয়েছেন নাফিসা জারিন তাসনিম।
রানার-আপ হওয়া ‘RUDF A’ দলের সদস্য শিহাব সারার প্রত্যয় বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং RUDF-এর সিনিয়র এক্সিকিউটিভ মেম্বার। অন্যদিকে নাফিসা জারিন তাসনিম ইংরেজি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং সংগঠনটির এক্সিকিউটিভ মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের বিতার্কিকরা অংশ নেন। ফাইনালে তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর রানার-আপ ট্রফি নিজেদের ঝুলিতে ভরে রাজশাহীর এই বিতার্কিকরা।