ঈদুল ফিতর উপলক্ষে বিলচাপড়ী মধ্যপাড়া যুব সংঘের ঈদ সামগ্রী বিতরণ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিলচাপড়ী মধ্যপাড়া যুব সংঘের উদ্যোগে গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) অনুষ্ঠিত এ কার্যক্রমে এলাকার সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের দরিদ্র মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিতরণকৃত প্রতিটি প্যাকেজে ছিল চিনি, সেমাই, ডাল, তেল, সাবান, আটা।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেন।
সংগঠনের কোষাধ্যক্ষ মোহাদ্দেস মোঃ আল আমিন বলেন, প্রথমেই মহান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এই মহৎ উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের তাওফিক দান করেছেন।
তিনি বলেন, বিলচাপড়ী মধ্যপাড়া যুব সংঘ একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও সমাজকল্যাণমূলক সংগঠন। আমাদের মূল লক্ষ্য হলো গ্রামের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং সমাজে মানবিক মূল্যবোধ গড়ে তোলা।
তিনি আরো বলেন, আমরা বিশ্বাস করি সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি সুন্দর, সচেতন ও সহানুভূতিশীল সমাজ গঠন করা সম্ভব।
সংগঠনটির মিডিয়া সম্পাদক মোঃ আল শাহরিয়ার ইমন বলেন, বর্তমানে আমরা বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করছি। এর মধ্যে রয়েছে দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান, শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধিতে সহায়তা এবং অসহায় মানুষের জন্য মানবিক সহায়তা প্রদান।
তিনি বলেন, আজকের এই ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি তারই একটি অংশ, যার মাধ্যমে আমরা চেষ্টা করেছি ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে। আমরা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত আকারে চালিয়ে যেতে চাই। এজন্য সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।