বগুড়ার শিবগঞ্জে USWAS-এর উদ্যোগে নবীনবরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
বগুড়ার শিবগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কল্যাণ পরিষদ (USWAS)-এর উদ্যোগে নবীনবরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শিবগঞ্জ উপজেলার ২০২৪-২৫ শিক্ষাবর্ষের পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও এই আয়োজন করা হয়।
বুধবার (১৮ মার্চ) বিকাল ৩টায় উপজেলার শহীদ হাফিজার রহমান মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শতাধিক সাবেক ও বর্তমান শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মেডিকেল অফিসার ডা. মো. রাফিউল হাসান, ধর্ম মন্ত্রণালয়ের সরকারি প্রকল্প পরিচালক মো. হাবিবুল্লাহ সিদ্দিকী, গোবিন্দগঞ্জ সরকারি কলেজের প্রভাষক মো. রায়হান, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. সোহেল রানা রনি এবং টিএমএসএস মেডিকেল কলেজের ডা. রাজন কবিরসহ অনেকে।
অতিথিরা তাদের বক্তব্যে সংগঠনের সার্বিক উন্নয়ন কামনা করেন এবং শিক্ষার্থীদের একটি মানবিক ও সমৃদ্ধ দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান। একইসঙ্গে তারা শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার পরামর্শ দেন।
ইফতারের পূর্ব মুহূর্তে সংগঠনের উপদেষ্টা ও অতিথিরা পবিত্র রমজানের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন। তারা শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং এ ধরনের উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সংগঠনের ডিরেক্টর অব কো-অর্ডিনেশন ঈশিতা আক্তার অর্থী এবং ডিরেক্টর অব লিয়াজোঁ রাকিবুল ইসলাম রাহুলের সঞ্চালনায় সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। এসময় বৃক্ষরোপণ, রক্তদান, নেতৃত্ব উন্নয়ন এবং দুর্যোগ মোকাবিলাসহ বিভিন্ন আর্থ-সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম উপস্থাপন করা হয়। পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরা হয়।
ইফতার শেষে অতিথিদের উপস্থিতিতে নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট প্রদান করা হয়। এসময় নবীনরা তাদের অনুভূতি ব্যক্ত করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, অনুষ্ঠানে ২০২৫-২৬ কার্যবর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে ডিরেক্টর অব কো-অর্ডিনেশন হিসেবে রাশেদুল ইসলাম রাসেল, এডিশনাল ডিরেক্টর অব কো-অর্ডিনেশন হিসেবে ওবায়দুল ইসলাম রনি, ডিরেক্টর অব ফাইন্যান্স হিসেবে সোহাগী আক্তার, ডিরেক্টর অব এডুকেশন হিসেবে জিহাদ আলী, ডিরেক্টর অব প্ল্যানিং হিসেবে মাহমুদুল হাসান, ডিরেক্টর অব অর্গানাইজেশন হিসেবে আবু হুরাইরা এবং ডিরেক্টর অব মিডিয়া হিসেবে মো. রবিউস সানি জোহা দায়িত্ব পান।