ইবি শিক্ষিকা হত্যার ঘটনায় তথ্য চেয়ে বিজ্ঞপ্তি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষিকা রুনা হত্যাকাণ্ডের ঘটনায় তথ্য সংগ্রহে গণবিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের গঠিত তদন্ত কমিটি।
রোববার (২৯ মার্চ) ইবি শিক্ষিকা রুনা হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ গণ বিজ্ঞপ্তি দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ হত্যাকাণ্ডের বিষয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অবগত ব্যক্তিদের আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটির আহ্বায়কের দপ্তরে লিখিতভাবে তথ্য জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়।
এছাড়া তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও সাংবাদিকদের কাছ থেকেও তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।
তদন্ত কমিটি আহ্বায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, তদন্তের অগ্রগতির জন্য সংশ্লিষ্টদের নিয়ে গত ২৫ মার্চ আমাদের সভা হয়েছে। সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ঘটনাস্থল পরিদর্শন, আলামত সংগ্রহ, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সাক্ষ্য গ্রহণ, সাংবাদিক ও পুলিশের নিকট থেকে তথ্য সংগ্রহ করা হবে। এছাড়া প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিদের নিকট লিখিত তথ্য চাওয়া হবে।
উল্লেখ্য, গত ৪ মার্চ ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মচারীর ছুরিকাঘাতে হত্যাকান্ডের শিকার হন সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা।
এ ঘটনায় বৃহস্পতিবার (৫ মার্চ) ইবি থানায় অভিযুক্ত কর্মচারী ফজলুর রহমানকে প্রধান আসামি করে ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন নিহতের স্বামী ইমতিয়াজুর সুলতান। পরদিন আসামী ফজলুর রহমানকে গ্রেফতার করে ইবি থানা।
এছাড়া এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সাবেক কর্মচারী ও উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হলের সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস, সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার এবং একই বিভাগের সহকারী অধ্যাপক হাবিবুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।