রাজধানীর উত্তরায় জাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
রাজধানীর উত্তরার একটি বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইংরেজি বিভাগের ৪৪ তম ব্যাচের সাবেক শিক্ষার্থী সাবিত মাহমুদ শাওনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩ এপ্রিল) সকালে তুরাগ থানার ডিউটি অফিসার এসআই ইখলাস মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে, একই বিভাগের ৪৪তম ব্যাচের আরেক শিক্ষার্থী মোহাম্মদ কাজল মিয়া জানান, সাবিত মাহমুদ শাওন গত কয়েকদিন ধরে মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কিছু অস্বাভাবিক পোস্টও দিয়েছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক ৩টার দিকে নিজ বাসায় আত্মহত্যা করেন তিনি। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।