HFSA-RU’র উদ্যোগে রাবিতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
‘Together for Health, Stand with Science’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) যথাযোগ্য মর্যাদায় বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকালে স্বাস্থ্য সচেতনতামূলক সংগঠন হেলথ এন্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন-রাজশাহী বিশ্ববিদ্যালয় (HFSA-RU) ‘Ride for Awareness’ শীর্ষক একটি বর্ণাঢ্য সাইকেল র্যালি ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়। র্যালিটি ক্যাম্পাসের নান্দনিক প্যারিস রোড প্রদক্ষিণ করে কাজলা গেট, মেইন গেট ও বিনোদপুর গেট হয়ে স্টেশন বাজারে পৌঁছায়। এরপর চারুকলা ও সিরাজী ভবন হয়ে শহীদ বুদ্ধিজীবী চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচিটি শেষ হয়।
র্যালি চলাকালীন HFSA-RU-এর সদস্যরা সাধারণ শিক্ষার্থী, পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের মাঝে স্বাস্থ্য সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। লিফলেটে বৈজ্ঞানিক তথ্য অনুসরণ এবং সঠিক স্বাস্থ্যবিধি মেনে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সুস্থ জীবনযাপনের ওপর গুরুত্বারোপ করা হয়।
আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, HFSA-RU-এর স্বেচ্ছাসেবীরা এবং আরইউ সাইক্লিস্টের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সমাবেশে মোঃ আহসান হাবিব তার বক্তব্যে স্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞান ও সংহতির গুরুত্ব তুলে ধরেন এবং একটি সুস্থ ও সবল জাতি গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সংগঠনটির সভাপতি মো: ইশতিয়াক আহমেদ রাফি বলেন, বিজ্ঞানের অগ্রযাত্রার সাথে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলোর সমন্বয় থাকা জরুরি। HFSA-RU মনে করে, আমাদের দৈনন্দিন জীবনে বৈজ্ঞানিক উপায়ে শারীরিক কসরতের মাধ্যমেই সুস্থ জীবনযাপন নিশ্চিত করা সম্ভব।
সংগঠনটির সহ-সভাপতি রাকিব রায়হান বলেন, সাধারণ মানুষের মাঝে বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দিতেই আমাদের এই আয়োজন। বিশেষ করে তরুণ প্রজন্মের মাঝে সুস্বাস্থ্যের বার্তা পৌঁছে দিতে ‘রাইড ফর অ্যাওয়ারনেস’ কর্মসূচিটি পালন করা হয়েছে।
উক্ত কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের অর্ধ-শতাধিক শিক্ষার্থী সরাসরি অংশগ্রহণ করেন।