হাবিপ্রবিতে ২৫তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
দিনব্যাপী বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২৫তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৮ এপ্রিল) সকাল সাড়ে আটটায় ৫০০০ মিটার মিনি ম্যারাথন উদ্ভোধন ও প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা এবং প্রোভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবিরসহ সিনিয়র শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিশ্ববিদ্যালয় দিবসের ফেস্টুন ও বেলুন উড্ডয়ন এবং আকাশে শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করা হয়।এরপর শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও এর সামনের মহাসড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।
পরে টিএসসি’র সামনে ‘মজার ইস্কুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন এবং কেক কাটা হয়।
র্যালি শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে মহান শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে দিনটি উপলক্ষে ভাইস-চ্যান্সেলরের বাণী পাঠ ও বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর বলেন, আমি বিশ্ববদ্যালয়ের প্রাণ প্রিয় শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সকলকে আহ্বান জানাই নিজের দায়িত্ববোধ, শৃঙ্খলা ও সীমাবদ্ধ সম্পদের সঠিক ব্যবহার ও রক্ষণাবেক্ষনে আমরা আরও যত্নবান হই। সময়ানুবর্তিতা সম্পর্কে সজাগ ও সচেতনতা থেকে সকলে মিলে উচ্চ শিক্ষার এই বিদ্যাপীঠকে সেন্টার অব এক্সিলেন্স হিসাবে গড়ে তুলতে ঐকান্তিকভাবে কাজ করি।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে ভাইস-চ্যান্সেলর, প্রোভাইস-চ্যান্সেলর ও ট্রেজারার শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে নিয়ে দিনাজপুর গোর-এ-শহিদ বড় ময়দানের পাশে অবস্থিত হাজী মোহাম্মদ দানেশের কবর জিয়ারত ও তার স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। সেখান থেকে তিনি ফরিদপুর কবরস্থানে প্রয়াত মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী খুরশীদ জাহান হকের (এমপি) কবর জিয়ারত ও তার স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
শ্রদ্ধাঞ্জলি শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও কেন্দ্রীয় মসজিদে দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।