জাতীয় পর্যায়ে শর্ট ভিডিও প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাবিপ্রবির দল ‘দ্য ব্লাইন্ড মেন’
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আয়োজিত ‘আর্থিক জ্ঞান বিষয়ক সৃজনশীল শর্ট ভিডিও প্রতিযোগিতা’-তে চ্যাম্পিয়ন হয়েছে হাবিপ্রবি ফিল্ম ক্লাবের সদস্যদের সমন্বয়ে গঠিত দল ‘দ্য ব্লাইন্ড মেন’।
গত বছর জুলাই মাসে শুরু হওয়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান আজ রোববার (১২ এপ্রিল ২০২৬) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
‘পুঁজিবাজারে সচেতনতা বৃদ্ধিতে আর্থিক জ্ঞান’ ক্যাটাগরিতে হাবিপ্রবির দলটি প্রথম স্থান অর্জন করে। এ বিভাগে ব্র্যাক বিশ্ববিদ্যালয় দ্বিতীয় এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস তৃতীয় স্থান অধিকার করে।
চ্যাম্পিয়ন ভিডিওটি রচনা ও নির্দেশনায় ছিলেন মোরশেদুল ইসলাম (ইমন)। পরিচালনায় আসিফ বিন আলিম, চিত্রগ্রহণে সাকিব মাহমুদ এবং সম্পাদনায় ছিলেন তৌফিকুর রহমান। অভিনয়ে অংশ নেন আসিফ বিন আলিম, ত্রয়ী সরকার, শর্মী বসাক ও মুশফিকুল আলম অনিক।
অনুষ্ঠানে কমিশনার ফারজানা লালারুখ স্বাগত বক্তব্য দেন এবং তিন ক্যাটাগরির সেরা ৯টি দলের ভিডিও প্রদর্শিত হয়। এছাড়া ‘সুস্থ পুঁজিবাজার ও সমৃদ্ধ অর্থনীতি’ বিভাগে হামদর্দ বিশ্ববিদ্যালয় এবং ‘পুঁজিবাজারে ঝুঁকি’ বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ দল প্রথম স্থান অর্জন করে।
জাতীয় পর্যায়ে এই সাফল্যকে হাবিপ্রবি ফিল্ম ক্লাব বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ও সৃজনশীল অগ্রযাত্রার একটি মাইলফলক হিসেবে দেখছে। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, বরং বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সৃজনশীলতা ও পেশাদারিত্বের প্রতিফলন।