ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয়গুলো কখনো দাঁড়াতে পারবে কিনা— প্রশ্ন ববি শিক্ষকের
ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয় গুলো কখনো বিশ্ববিদ্যালয় হিসেবে দাঁড়াতে পারবি কি না, এমন প্রশ্ন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) এর অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক ড.আব্দুল আলিম বাছির।
সোমবার (২০ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যাক্তিগত আইডিতে এক স্ট্যাটাসে তিনি এই প্রশ্ন করেন।
স্ট্যাটাসে তিনি লেখেন, “সারা পৃথিবীতে বিশ্ববিদ্যালয় মানে শুধুই বিশ্ববিদ্যালয়। আমাদের দেশে এটা বিভিন্ন কিসিমের- সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত। মালিকানা বা ব্যবস্থাপনা হয়ে যায় বিশ্ববিদ্যালয়কে চেনার পৈতা!”
তিনি আরও লেখেন, “এরপর শুরু হলো আরেক বিভাজন – ঢাকা এবং ঢাকার বাইরে। ঢাকার বাইরের গুলোর মধ্যে আবার নতুন গুলোকে মনে করা হয়- পেরিফেরাল বা প্রান্তিক। হাসিনা সরকারের এক জেলা, একটি বিশ্ববিদ্যালয় প্রকল্প। একটা রুটি -রুজির কর্মশালা।”
ববির সহযোগী অধ্যাপক আরও লেখেন, “ফলাফল : অদক্ষ, অযোগ্য অংশীজনের সমাহার, অবকাঠামো নাই! একটা হরিবোল অবস্থা! তার উপর আছে ইউজিসির কর্মকর্তাদের বক্র চোখ! আছে রাজনীতি; আদর্শের, স্বার্থের সব! কিছু দিন পর পর দেখা দেয় আন্দোলন- ন্যায্য, অন্যায্য সব রকম! সব বন্ধ, সেশন জ্যাম বাড়ে!”
ড. আব্দুল আলিম বাছির তার স্ট্যাটাসে লেখেন, “আবার, কমাতে হবে সেশন জ্যাম, কি করা উচিত? ক্লাস কমিয়ে বা পারলে না নিয়ে, পরীক্ষা নিয়ে বের করে দাও। তিন ক্রেডিটের কোর্স, ক্লাস নাই ২০ টা। কি শিখলো, আর কি লিখলো? পরীক্ষা শেষ, পাশ। গ্র্যাজুয়েট।”
এরপর প্রশ্ন তুলে তিনি লেখেন, “এগুলো দেখে একটাই প্রশ্ন জাগে: ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয়গুলো কখনো বিশ্ববিদ্যালয় হিসেবে দাঁড়াতে পারবে কি?”