আবারও জাবিতে ক্যাফেটেরিয়ার খাবারের মান নিয়ে প্রশ্ন: মিলল মাছি ও ধাতব টুকরো
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারের মান নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। একই দিনে খাবারে মাছি ও ধাতব টুকরো পাওয়ার অভিযোগে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী সরওয়ার রহমান তার মুরগির তরকারিতে মাছি দেখতে পান বলে জানান। একইদিন বিকেলে ইংরেজি বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী সাব্বির নাস্তার নুডুলসের মধ্যে স্ট্যাপলার পিন খুঁজে পান।
এ বিষয়ে সরওয়ার রহমান বলেন, ক্যাফেটেরিয়ার খাবারে মাছি পাওয়ার ঘটনা অত্যন্ত হতাশাজনক। এমন পরিস্থিতিতে তিনি আর খাবার গ্রহণ করেননি এবং প্রশাসনের দ্রুত নজরদারির দাবি জানান।
অন্যদিকে সাব্বির বলেন, খাবারের মধ্যে স্ট্যাপলার পিন পাওয়া অত্যন্ত উদ্বেগজনক এবং এটি সরাসরি শিক্ষার্থীদের নিরাপত্তার সাথে সম্পর্কিত। তিনি এ ঘটনার জন্য প্রশাসন ও সংশ্লিষ্টদের উদাসীনতাকে দায়ী করেন।
এদিকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও ছাত্রদলের আহ্বায়ক সদস্য এম রাফিদুল্লাহ। তিনি চলমান ‘খাবার কাণ্ড’ প্রসঙ্গে মন্তব্য করে সংশ্লিষ্টদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, এর আগেও ক্যাফেটেরিয়ার খাবারে মাছি পাওয়ার অভিযোগ উঠেছে। সর্বশেষ গতকাল জাকসুর স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক হুসনে মোবারকের খাবারে মাছি পাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে, ক্ষোভের এক পর্যায়ে তিনি এক দোকান কর্মচারীর দিকে খাবার ছুড়ে মারেন। পরবর্তীতে এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বটতলা এলাকার খাবারের দোকান বন্ধ করে বিচার দাবি করেন।