হাবিপ্রবিতে নতুন চার সহকারী প্রক্টর
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রক্টোরিয়াল বডিতে নতুন চারজন সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু হাসান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশের মাধ্যমে এই নিয়োগ প্রদান করা হয়। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসন আনুষ্ঠানিকভাবে এই বিজ্ঞপ্তি প্রকাশ করে।
নবনিযুক্ত সহকারী প্রক্টরগণ হলেন— কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক ড. মো. ফারুক হাসান, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. মবিনুল ইসলাম, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. আহসান হাবীব ও মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক কাজী মো. ইউসুফ।
অফিস আদেশে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক এই শিক্ষকরা নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে সহকারী প্রক্টরের দায়িত্ব পালন করবেন। তারা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রবর্তিত সকল বিধিবিধান মেনে চলতে বাধ্য থাকবেন এবং বিধি মোতাবেক নির্ধারিত ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্ত হবেন।
এই নিয়োগ আদেশ ২১ এপ্রিল থেকে কার্যকর করা হয়েছে। নবনিযুক্ত সহকারী প্রক্টরগণ ক্যাম্পাসের সার্বিক শৃঙ্খলা রক্ষা এবং প্রশাসনিক কাজে সক্রিয় ভূমিকা রাখবেন বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন আশাবাদ ব্যক্ত করেছে। আদেশের অনুলিপি ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদীয় ডিন, পরিচালক ও বিভাগীয় চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।