জাবিতে ৫৫তম ব্যাচের ক্লাস শুরুর তারিখ প্রকাশ, মেয়াদোত্তীর্ণদের হল ত্যাগের নির্দেশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এ ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (৫৫তম ব্যাচ) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস আগামী ১৭ জুন থেকে শুরু হবে। নবীন শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ আবাসন নিশ্চিত করতে শিক্ষাজীবন শেষ হওয়ার পরও হলে অবস্থানরত শিক্ষার্থীদের ১৯ মে’র মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (৪ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, ১৭ জুন থেকে প্রথম বর্ষের পাঠদান কার্যক্রম শুরু হওয়ায় নতুন শিক্ষার্থীদের জন্য আবাসিক সুবিধা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে। এ লক্ষ্যেই এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এতে আরও বলা হয়, দেশের একমাত্র পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে ৫৩তম ও ৫৪তম ব্যাচের সকল শিক্ষার্থীর জন্য হলে আসন বরাদ্দ নিশ্চিত করেছে। তবে দেখা যাচ্ছে, বিভিন্ন ব্যাচের উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী শিক্ষাজীবন শেষ হওয়ার পরও নির্ধারিত সময়ের মধ্যে হল ত্যাগ করছেন না, যা আবাসন ব্যবস্থাপনায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
এ প্রেক্ষাপটে প্রশাসন বর্তমানে হলে অবস্থানরত শিক্ষার্থীদের ১৯ মে’র মধ্যে স্বেচ্ছায় হল ত্যাগ করার নির্দেশ দিয়েছে এবং নবীন শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করতে হল কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।