কথার মাধ্যমে কোনো আশ্বাসের বাণী শোনাতে চাই না: নবনিযুক্ত উপাচার্য
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৫তম নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন, ‘আমি কথার মাধ্যমে কাউকে আশ্বাস দিতে চাই না। আমি চেষ্টা করবো কাজের মাধ্যমে সেগুলো প্রমাণ করার।’
শনিবার (১৬ মে) উপাচার্যের কার্যালয়ের কনফারেন্স কক্ষে ক্যাম্পাসের তিন সংগঠন— রিপোর্টার্স ইউনিটি, প্রেসক্লাব ও সাংবাদিক সমিতি’র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।
এসময় তিনি আরও বলেন, আমি দায়িত্বগ্রহণকালে কারোর কাছ থেকে কোন ফুল গ্রহণ করিনি। যদি আমি আমার দায়িত্ব সুন্দরভাবে শেষ করতে পারি এবং মহান আল্লাহ ওই পর্যন্ত আমাকে হায়াত রাখে এবং সুস্থ রাখে, তাহলে বিদায়ের সময়ে যদি কেউ আমাকে ফুল দেয় সেই ফুলটা গ্রহণ করবো।
নিজের অবস্থান সম্পর্কে তিনি বলেন, আমার সিন্ডিকেট (গ্রুপিং) হচ্ছে বিশ্ববিদ্যালয়ের আইন। আমি সকলকে নিয়ে চলতে চাই। আশা করি আমাকে কেউ ভুল বুঝিয়ে কারোর ব্যক্তি স্বার্থ হাসিল করতে পারবে না।
মিডিয়ার স্বাধীনতার বিষয়ে তিনি বলেন, প্রেস এবং মিডিয়ার স্বাধীনতার ব্যাপারে সরকার যেমন বদ্ধপরিকর, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনও সেই ধারাবাহিকতা বজায় রাখবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০ (সংশোধিত-২০১০) এর ১০(১) ধারা অনুযায়ী তাকে আগামী চার বছরের জন্য উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।