জাবিতে রেড ক্রিসেন্টের অধীনে তিনদিনব্যাপী বেসিক ও ফার্স্ট এইড এর ট্রেনিং সম্পন্ন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) তিনদিনব্যাপী ‘রেড ক্রস রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ-২০২৬’ সম্পন্ন হয়েছে। যুব রেড ক্রিসেন্ট (আরসিওয়াই) জাবি শাখার আয়োজনে গত ১৪ থেকে ১৬ মে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের ২০১ নম্বর কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
শনিবার (১৬ মে) আয়োজকদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রশিক্ষণ শেষে ৪০ জন স্বেচ্ছাসেবকের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্টের প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট এবং ইয়ুথ অ্যান্ড ভলান্টিয়ার্স ডিপার্টমেন্টের পরিচালক মিস সায়মা ফেরদৌসি, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ. কে. এম. রাশিদুল আলম, জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতুসহ সংশ্লিষ্টরা।
এদিকে প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ মেহেদী হাসান, মোহাম্মদ মোমিনুল হক, সৌরভ চন্দ্র দাস ও নাসরিন আক্তার কলি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব রেড ক্রিসেন্ট জাবি শাখার ইনচার্জ মহিবুর রৌফ শৈবাল।
