হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১২২৪
দেশে হামের প্রকোপ দিন দিন আরও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে সারা দেশে আরও ১৭জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এই রোগে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ২২৪ জন শিশু।
আজ সোমবার (২৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সর্বশেষ প্রতিবেদন থেকে হাম পরিস্থিতির এই আশঙ্কাজনক তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে আজ ২৫ মে সকাল ৮টা পর্যন্ত— এই আড়াই মাসেই সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৫৪৫জন শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মোট মৃত শিশুদের মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৮৭ জন শিশু। আর বাকি ৪৫৮ জন শিশু মারা গেছে হামের তীব্র উপসর্গ নিয়ে।
একই সময়ে ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৮ হাজার ৭১৯ জন শিশুর শরীরে। এ ছাড়া হামের বিভিন্ন উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে আরও ৬৪ হাজার ৯৪০ জন শিশু।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দেশের অন্য সব বিভাগের তুলনায় ঢাকা বিভাগে হামের প্রাদুর্ভাব এবং মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। এ পর্যন্ত শুধু ঢাকা বিভাগেই হাম ও হামের উপসর্গ নিয়ে ২৩১জন শিশু প্রাণ হারিয়েছে। একই সঙ্গে এই বিভাগে আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ৭০৬ জনে।
বিশেষজ্ঞ চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুদের সুরক্ষায় হামের টিকা নিশ্চিত করা এবং কোনো শিশুর শরীরে হামের লক্ষণ (যেমন- তীব্র জ্বর, শরীরে লালচে দানা বা র্যাশ) দেখা দিলে দেরি না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।