সুবিধাবঞ্চিতদের মাঝে মুরাদনগর জামায়াতের কোরবানির গোশত বিতরণ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মানবিক উদ্যোগের অংশ হিসেবে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মাঝে কোরবানির গোশত বিতরণ করেছে ১৩নং মুরাদনগর সদর ইউনিয়ন জামায়াতে ইসলামী।
ইউনিয়ন জামায়াতের নেতাকর্মীদের নিজস্ব অর্থায়নে পরিচালিত এ কার্যক্রমে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এলাকার বহু পরিবারকে কোরবানির গোশত প্রদান করা হয়।
গোশত বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও কর্মপরিষদ সদস্য মাহবুব আলম মুন্সি, উপজেলা বায়তুলমাল সম্পাদক ও কর্মপরিষদ সদস্য আবু বকর সরকার, সদর ইউনিয়ন জামায়াতের বায়তুলমাল সম্পাদক ও টিম সদস্য জাকির হোসেন এবং ইউনিয়ন জামায়াত যুব বিভাগের সভাপতি মু. শাকিলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এসময় আসন্ন ১৩নং মুরাদনগর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মু. নাজমুস সাকিব (তন্ময়) বলেন, কোরবানি শুধু পশু জবাইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এর মূল শিক্ষা হচ্ছে ত্যাগ, সহমর্মিতা ও মানবতার চর্চা। আল্লাহ যেন আমাদের সকলের কোরবানি কবুল করেন।
তিনি বলেন, আল্লাহ যেন সমাজ থেকে হিংসা-বিদ্বেষ, বিভেদ ও হানাহানি দূর করে একটি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠনের তৌফিক দান করেন। পাশাপাশি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আসুন, সবাই মিলে একটি মানবিক ও সুন্দর ইউনিয়ন গড়ে তুলি।
স্থানীয়দের মতে, ঈদের আনন্দ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। মানবিক ও সামাজিক দায়বদ্ধতার এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।
