ধর্ষণ-হত্যাচেষ্টা মামলায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাবি প্রশাসন ও জাকসুর জরুরি বৈঠক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সাক্ষাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এ ঘটনায় সরকারের সর্বোচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেন।
সাক্ষাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)-এর ভিপি আব্দুর রশিদ জিতু এবং এজিএস (নারী) আয়েশা সিদ্দিকা মেঘলাও উপস্থিত ছিলেন। তারা অপরাধীকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
উপাচার্য জানান, গত ১২ মে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী একজন বহিরাগত ব্যক্তির দ্বারা ধর্ষণ ও হত্যাচেষ্টার শিকার হন। ঘটনার বিস্তারিত শুনে স্বরাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অপরাধীকে দ্রুত শনাক্ত ও গ্রেফতারের নির্দেশ দেন।
সাক্ষাৎ এর বিষয়ে উপাচার্য বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টি শুনেছেন এবং দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।”
এ সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে প্রশাসনের গৃহীত বিভিন্ন পদক্ষেপও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরা হয়। এসব পদক্ষেপের মধ্যে রয়েছে কুইক রেসপন্স টিম গঠন, অভিযোগ গ্রহণে হটলাইন চালু, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র বহন বাধ্যতামূলক করা, বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ, নির্মাণশ্রমিক ও দোকান কর্মচারীদের তথ্যভান্ডার তৈরি, ক্যাম্পাসে ভ্রাম্যমাণ দোকান অপসারণ, নিরাপত্তা প্রহরীর সংখ্যা বৃদ্ধি, অসমাপ্ত সীমানা প্রাচীর নির্মাণ এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করা।
স্বরাষ্ট্রমন্ত্রী এসব উদ্যোগের প্রশংসা করেন এবং নিরাপত্তা নিশ্চিতকরণে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অতীতে সংঘটিত বিভিন্ন অপরাধের ঘটনাগুলোর তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতিও দেন।
এছাড়াও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে প্রশাসন ও সরকারের সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।