জাবিতে দুই নতুন উপ-উপাচার্য নিয়োগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রশাসনিক ও একাডেমিক নেতৃত্বে নতুন সংযোজন হিসেবে দুই অধ্যাপককে উপ-উপাচার্য পদে নিয়োগ দিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক প্রজ্ঞাপনে এ নিয়োগের আদেশ জারি করা হয়েছে।
শনিবার (৬ জুন) প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, গণিত বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম কে উপ-উপাচার্য (প্রশাসন) এবং সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মো. শামছুল আলম কে উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ধারা ১৩(১) অনুযায়ী এ নিয়োগ প্রদান করা হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসরের তারিখ—যেটি আগে হবে, ততদিন পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তারা বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা এবং বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের আইন, সংবিধি ও উপাচার্য কর্তৃক অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করার শর্তও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। জনস্বার্থে এ নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানানো হয়। প্রয়োজনবোধে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
উপ-উপাচার্য (প্রশাসন) পদে নিয়োগ পেয়ে অনুভূতি প্রকাশ করে অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম বলেন, “এত বড় দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। বিশ্ববিদ্যালয়ের কল্যাণ এবং শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় রেখে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার চেষ্টা করবো।”
অন্যদিকে উপ-উপাচার্য (শিক্ষা) পদে নিয়োগ পাওয়ার পর অধ্যাপক ড. মো. শামছুল আলম মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষা মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান।
নতুন দুই উপ-উপাচার্যের নিয়োগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।