নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন ১ ডিসেম্বর
রাজশাহীর বেসরকারি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এনবিআইইউ) প্রথম সমাবর্তন আগামী ১ ডিসেম্বর আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ জুন) বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সমাবর্তন আয়োজনের লক্ষ্যে ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাছে আবেদন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের চৌদ্দপাই এলাকার নিজস্ব ক্যাম্পাস প্রাঙ্গণেই সমাবর্তনের মূল অনুষ্ঠানটি হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, সমাবর্তনে অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন প্রক্রিয়া আগামী ১৫ জুন থেকে শুরু হয়ে চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী গ্র্যাজুয়েটরা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট এবং ফেসবুক পেজে দেওয়া লিংকের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। এবারের সমাবর্তনের জন্য রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রথম সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) কোর্সের ১ম থেকে ২৭তম ব্যাচ এবং স্নাতকোত্তর (মাস্টার্স) কোর্সের ১ম থেকে ৩২তম ব্যাচের উত্তীর্ণ শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। এবার প্রায় ৫ হাজার গ্র্যাজুয়েট অংশ নেবেন বলে আশা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
১ ডিসেম্বরের এই সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতির। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন- লেখক, কলামিস্ট ও গবেষক মহিউদ্দিন আহমদ।
এ ছাড়া অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শামা ওবায়েদ ইসলাম।
অনুষ্ঠানে দেশ-বিদেশের গণ্যমান্য শিক্ষাবিদ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যরা উপস্থিত থাকবেন। সমাবর্তনের আনুষ্ঠানিকতা শেষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণেই এক বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলেও জানানো হয়।
