হাবিপ্রবিতে সহকারী প্রক্টর ও শিক্ষার্থীদের ওপর হামলার জেরে বহিষ্কার ৭২

হাবিপ্রবিতে সহকারী প্রক্টর ও শিক্ষার্থীদের ওপর হামলার জেরে বহিষ্কার ৭২

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সহকারী প্রক্টর ও সাধারণ শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলার ঘটনায় মোট ৬৬ জন শিক্ষার্থীর বিরুদ্ধে চার ক্যাটাগরিতে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সাময়িক সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (১ জুলাই) তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে বিশ্ববিদ্যালয়ের আবাসন ও শৃঙ্খলা বোর্ডের ২৭তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. আবু হাসান স্বাক্ষরিত এই অফিস আদেশ জানানো হয়।

​ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, কর্তব্য পালনরত অবস্থায় সহকারী প্রক্টর মো. মমিনুল ইসলামের ওপর সরাসরি হামলার অভিযোগে ৬ জন শিক্ষার্থীকে একাডেমিক কার্যক্রম হতে আজীবনের জন্য বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। আজীবন বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন— এআইই বিভাগের মো. নাঈমুর রহমান (দুর্জয়) (আইডি: ২২০১৭৪৫), অর্থনীতি বিভাগের সাকির মাহমুদ (আইডি: ২২০১২৬৫), ইসিই বিভাগের মো. সৌরভ আহমেদ (আইডি: ২৩০২১২১), এফপিই বিভাগের মো. আসাদুজ্জামান সাগর (আইডি: ২২০৭০৪৬), ইংরেজি বিভাগের আসিফ হোসেন (আইডি: ২৩০৯০৩৭) এবং অ্যাকাউন্টিং বিভাগের তাসরিয়াফ ইসলাম প্রান্তিক (আইডি: ২২০০০১৩)।

​অস্ত্র হাতে রাষ্ট্রীয় সম্পদ ভাঙচুরের দায়ে ৪৬ জন শিক্ষার্থীকে ১ বছরের জন্য (২ সেমিস্টার) একাডেমিক ও হল হতে বহিষ্কার এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে তারা ভবিষ্যতে আর কখনো হলের আবাসিকতা পাবেন না।

​ক্যাম্পাসে অস্ত্র নিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টির অপরাধে ৬ জন শিক্ষার্থীকে ৬ মাসের জন্য (১ সেমিস্টার) একাডেমিক ও হল হতে বহিষ্কার এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

​এছাড়া উচ্ছৃঙ্খল আচরণের জন্য ৮ জন শিক্ষার্থীকে হল হতে ৬ মাসের জন্য বহিষ্কার, লিখিত সতর্কীকরণ এবং ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বহিষ্কাররাদেশ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. নওশের ওয়ান বলেন, ‘তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে এ শাস্তির সুপারিশ করা হয়েছে এবং অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ রাখা হয়েছে।’