পাবিপ্রবিতে লোকপ্রশাসন বিভাগের নতুন চেয়ারম্যান মো. আল-ফাহাদ ভূঁঞা
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব পেয়েছেন লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মো: আল-ফাহাদ ভূঁঞা।
আগামী ২৫ জুলাই হতে তিনি আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান হিসেবে যোগদান করবেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্যটি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ জুলাই হতে কার্যকর করে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হলো।
এসময় আরোও বলা হয়, বিভাগের চেয়ারম্যান এর দায়িত্ব পালনের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মানুযায়ী দায়িত্বভাতা ও পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।
নবনিযুক্ত চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মো: আল-ফাহাদ ভূঁঞা বলেন, চেয়ারম্যান এর দায়িত্ব হলো একাডেমিক নেতৃত্বের কাজ। শিক্ষার্থীরা এখানে শিক্ষাগ্রহণ করেন এবং এখান থেকে শিখার পর দেশের বিভিন্ন প্রান্তে কাজ করেন। কাজেই বিভাগের শিক্ষার মানোন্নয়ন, গবেষণার পরিবেশ আরও শক্তিশালী করা, শিক্ষার্থীবান্ধব একাডেমিক পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে বিভাগকে আরও এগিয়ে নিতে কাজ করব।
তিনি আরও বলেন, সবার সহযোগিতা, পরামর্শ ও আন্তরিক সমর্থন কামনা করছি।আমার বিশ্বাস সকলের সহযোগিতায় লোক প্রশাসন বিভাগ আরো অনেক দূর এগিয়ে যাবে।
