রাবিতে আন্তর্জাতিক মুট কোর্ট প্রতিযোগিতা সম্পন্ন
আইনের শিক্ষার্থীদের বাস্তব আদালতের আদলে আইনি গবেষণা, খসড়া তৈরি ও যুক্তিতর্কের দক্ষতা ঝালিয়ে নেওয়ার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তর্জাতিক ছদ্ম-আদালত প্রতিযোগিতা ‘লেক্স সুপ্রিম ইন্টারন্যাশনাল ল মুট কোর্ট কম্পিটিশন ২০২৬’-এর চূড়ান্ত পর্ব ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আইন বিভাগ এই প্রতিযোগিতার আয়োজন করে।প্রতিযোগীতাটি দুপুর আড়াইটা থেকে শুরু হয়। সাড়ে পাঁচটা পর্যন্ত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চূড়ান্ত পর্বে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছে তাসফিয়া খান, রেদোয়ান জুনায়েদ ও রাকিবুল হাসানের দল। অন্যদিকে, রানার্স-আপ হওয়ার কৃতিত্ব অর্জন করে ফাহির আমিন, মেহেদী হাসান ও তাওহীদ ইকবালের দল।
প্রতিযোগিতার মূল বিষয় ছিল— “The Centurian Sea: Maritime Boundary Delimitation, Freedom of Navigation, Environmental Protection and Non-Intervention.”
এবারের আন্তর্জাতিক এই আয়োজনের মূল পৃষ্ঠপোষকতায় ছিল ‘বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি’ (বেলা)।
আইন বিভাগের সভাপতি অধ্যাপক সায়েদা আঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী মহানগর ও জেলা দায়রা জজ মোহা. এমদাদুল হক ও বেগম আসমা সিদ্দিকা।
সম্মানিত অতিথির বক্তব্যে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সমসাময়িক আন্তর্জাতিক আইনি চ্যালেঞ্জ মোকাবেলা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তরুণ আইনজীবীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মুট কোর্টের মতো আয়োজন শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের আইনি গবেষণায় দক্ষ করে তুলতে অনন্য ভূমিকা রাখে।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য ও আলোচনা শেষে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিজয়ী ও রানার্স-আপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে বিভিন্ন আদালতের বিচারকবৃন্দ, দেওয়ানি আদালতের বিচারক (সিভিল জাজ), দেশের স্বনামধন্য আইনজীবী এবং বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
