রাবিতে গ্রীন ভয়েসের বৃক্ষরোপণ কর্মসূচি
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েসের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে ‘আসুন এই বর্ষায় একটি হলেও বৃক্ষ রোপণ করি’ স্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও বিভিন্ন আবাসিক হলে একযোগে এ কর্মসূচি পালন করা হয়।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ক্যাম্পাসে সবুজ পরিবেশ বজায় রাখতে এবার বট, জারুল, ঝাউ, জলপাই (জয়তুন), বকুল, পেয়ারা, পলাশ, হিজল, হরিতকি, বয়রা ও ছাতিমসহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের প্রায় ৫০টি চারা রোপণ করা হয়েছে।
কর্মসূচিতে গ্রীন ভয়েসের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আহসান হাবিব বলেন, “বৃক্ষরোপণ শুধু প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করে না, এটি অক্সিজেনের জোগান নিশ্চিত করার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।”
গ্রীন ভয়েসের রাবি শাখার সভাপতি আরিফ ইসলাম বলেন, “প্রত্যেকের উচিত এ বর্ষায় অন্তত একটি করে গাছ লাগানো এবং সেটির নিয়মিত পরিচর্যা করা।”
কর্মসূচিতে গ্রীন ভয়েস রাবি শাখার সাবেক সভাপতি মাহিন আলম, সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, তথ্য ও যোগাযোগ সম্পাদক সাকিব, ত্রাণবিষয়ক সম্পাদক আরিফুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
