রাবিতে তিন স্থানে বিগস্ক্রিনে বিশ্বকাপ ফাইনাল দেখাবে প্রশাসন, রাকসু ও ছাত্রদল
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে ফুটবল বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে শিক্ষার্থীদের জন্য তিনটি পৃথক স্থানে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) এবং শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।
রোববার (১৯ জুলাই) দিবাগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এ ম্যাচ ঘিরে শিক্ষার্থীদের আগ্রহের কথা বিবেচনায় নিয়ে পৃথকভাবে এই আয়োজন করা হয়েছে।
রাকসুর উদ্যোগে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামের পূর্ব পাশে তিনটি জায়ান্ট স্ক্রিন স্থাপন করা হয়েছে। নারী শিক্ষার্থীরা দক্ষিণ ফটক (বিজয়-২৪ হলসংলগ্ন) এবং পুরুষ শিক্ষার্থীরা উত্তর ফটক (মাদার বখশ হলসংলগ্ন) ও প্রধান ফটক দিয়ে প্রবেশ করতে পারবেন। মাঠ ও গ্যালারি মিলিয়ে প্রায় ২০ হাজার শিক্ষার্থী একসঙ্গে খেলা উপভোগ করতে পারবেন।
রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “প্রতি চার বছর পর বিশ্বকাপ আসে। শিক্ষার্থীদের এই আনন্দ উদযাপনের সুযোগ করে দিতেই তিনটি স্ক্রিনে খেলা দেখার আয়োজন করেছি। ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক ব্যবস্থাও রাখা হয়েছে।”
অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পূর্ব পাশের মুক্তমঞ্চের সামনে একটি এলইডি স্ক্রিন স্থাপন করেছে শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। সেখানে বসেই শিক্ষার্থীরা ফাইনাল ম্যাচ উপভোগ করতে পারবেন।
শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমদ রাহী বলেন, “বিশ্বকাপ শুরুর আগেই শিক্ষার্থীদের খেলা দেখানোর প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেই ধারাবাহিকতায় ফাইনাল ম্যাচটি শিক্ষার্থীদের সঙ্গে উপভোগ করার আয়োজন করেছি। ফুটবল আনন্দের খেলা, সেই আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতে চাই।”
এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে শহীদ শামসুজ্জোহা চত্বরসংলগ্ন প্যারিস রোডে ৩০ ফুট প্রস্থ ও ২২ ফুট দৈর্ঘ্যের একটি বড় স্ক্রিন স্থাপন করা হয়েছে। সেখানে বসেও শিক্ষার্থীরা ফাইনাল ম্যাচ উপভোগ করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, “প্যারিস রোডে খেলা দেখানোর সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও আনন্দমুখর পরিবেশ নিশ্চিত করতেই এ আয়োজন।”
নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান, সন্ধ্যার পর থেকে তিনটি ভেন্যুতেই পুলিশ, গোয়েন্দা সংস্থা, বিএনসিসি, স্কাউট এবং প্রক্টরিয়াল বডির সদস্যরা দায়িত্ব পালন করবেন। এছাড়া শিক্ষার্থীদের পরিচয়পত্র সঙ্গে রাখার জন্যও অনুরোধ জানানো হয়েছে।