মাভাবিপ্রবির ফার্মা ক্লাবের নেতৃত্বে হাফিজুর রহমান ও ইমন হোসাইন

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ফার্মা ক্লাবের ২০২৬-২৭ মেয়াদের কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে শুধুমাত্র সহ-সভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস) পদে ভোটগ্রহণ করা হয়।

গতকাল সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত অনুষ্ঠিত ভোটগ্রহণে মোট ২১১ জন ভোটারের মধ্যে ১৮৯ জন ভোট প্রদান করেন। এর মধ্যে ১৮৭টি ভোট বৈধ এবং দুটি ভোট বাতিল ঘোষণা করা হয়।

ভিপি পদে হাফিজুর রহমান ১৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, জিএস পদে ইমন হোসাইন ১৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে বিজয়ের পর অনুভূতি প্রকাশ করে নবনির্বাচিত জিএস ইমন হোসাইন বলেন, “অনুভূতিটা সত্যিই অসাধারণ। তবে আমি এটাকে অর্জনের চেয়ে দায়িত্ব হিসেবেই দেখছি। আমার লক্ষ্য থাকবে কাজের মাধ্যমে সবার বিশ্বাসের মূল্য দেওয়া এবং ক্লাবকে আরও কার্যকর, সক্রিয় ও শিক্ষার্থী-কেন্দ্রিক করে তোলা।”

নবনির্বাচিত ভিপি হাফিজুর রহমান বলেন, “আমি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাই আমার প্রতি যে বিশ্বাস ও ভালোবাসা রেখে গুরুদায়িত্ব দিয়েছেন, আমি চেষ্টা করব সেই দায়িত্ব সঠিকভাবে পালন করার। এ ক্ষেত্রে সকলের সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চাই।”

তিনি আরও বলেন, “আজ থেকে আগামী এক বছর শুধু আমি একা ভিপি নই, ফার্মেসি বিভাগের প্রত্যেক শিক্ষার্থীই ভিপি। আমাদের শিক্ষার্থীদের কথাই আমার কথা হবে, ইনশাআল্লাহ।”