জাবিতে অটোরিকশা লাইসেন্স কেলেঙ্কারি তদন্তের দাবিতে সালাম বরকত হল ছাত্রদলের স্মারকলিপি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ সালাম-বরকত হল ছাত্রসংসদের ভিপি ও এক কর্মচারীর নামে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অটোরিকশা লাইসেন্স অনুমোদনকে কেন্দ্র করে আর্থিক অনিয়মের অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে হল প্রভোস্টের কাছে স্মারকলিপি দিয়েছে শহীদ সালাম-বরকত হল ছাত্রদল। রোববার (২৬ জুলাই) হল প্রভোস্টের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, সম্প্রতি অটোরিকশা লাইসেন্স অনুমোদনকে কেন্দ্র করে অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ ঘটনায় হল সংসদের ভিপি মারুফ হোসেন এবং হল কর্মচারী মনিরের নাম উঠে এসেছে। হলের দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করেছে এবং হলের দীর্ঘদিনের ঐতিহ্য ও ভাবমূর্তিও ক্ষুণ্ন হয়েছে বলে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, অভিযোগ ওঠার চার দিন অতিবাহিত হলেও হল সংসদ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। ফলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে নানা ধরনের প্রশ্ন ও সংশয়ের সৃষ্টি হয়েছে।

এছাড়াও স্মারকলিপিতে তিন দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো—

১. অটোরিকশা লাইসেন্স বাণিজ্যের অভিযোগের সত্যতা যাচাইয়ে অনতিবিলম্বে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত কমিটি গঠন।

২. অভিযোগে নাম আসা হল সংসদের ভিপি মারুফ হোসেন, হল কর্মচারী মনিরসহ সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ।

৩. তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করে হলের স্বচ্ছতা ও সাধারণ শিক্ষার্থীদের আস্থা পুনঃপ্রতিষ্ঠা।

ছাত্রদলের নেতারা বলেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হলে হলের শৃঙ্খলা, সুশাসন ও ভাবমূর্তি পুনরুদ্ধার হবে।

এ বিষয়ে শহীদ সালাম বরকত হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আব্দুল হালিম বলেন, আমি একটি স্মারকলিপি পেয়েছি। এখন এটা তো আমার একার কোনো কাজ না, আমি এটা সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রাজু আহমেদ, আহ্বায়ক কমিটির সদস্য শরিফুল ইসলাম রোমান ও জাহিদ হাসান।

এ ছাড়া উপস্থিত ছিলেন শহীদ সালাম-বরকত হল ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মুহিবুল্লাহ জাহিদ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল হাসান হিরন, আহ্বায়ক কমিটির সদস্য জান্নাতুল ইসলাম টনি, মনির হোসেন মিরন, মো. শাহেদ তালুকদার, এবং হল ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীদের মধ্যে মইনুল ইসলাম শান্ত, আবদুল মোত্তালিব সুইট, সাইদুল ইসলাম মারুফ, মাহবুবুর রহমান ও নাজমুল ইসলাম তুহিন উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে শহীদ সালাম-বরকত হল ছাত্রদলের সভাপতি মো. সাইদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আলিফ স্বাক্ষর করেন।