জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কোষাধ্যক্ষ (ট্রেজারার) অধ্যাপক ড. মো. আবদুর রবকে তাঁর নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে সরকার। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ হিসেবে অধ্যাপক ড. সোহেল রানাকে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. আবদুর রবকে কোষাধ্যক্ষের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে তাঁর অব্যাহতির কারণ সম্পর্কে প্রজ্ঞাপনে কোনো ব্যাখ্যা উল্লেখ করা হয়নি।
আরও পড়ুন- জাবির মেডিকেলে ঔষধ গরমিলের তদন্তে নতুন মোড়, উঠে এলো পিয়নের নাম
একই আদেশে বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ হিসেবে অধ্যাপক ড. সোহেল রানাকে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের তারিখ থেকে তাঁর নিয়োগ কার্যকর হবে এবং বিশ্ববিদ্যালয়ের বিধি-বিধান অনুযায়ী তিনি বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমে কোষাধ্যক্ষের পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই এ পরিবর্তন বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা তৈরি করেছে। যদিও শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের পেছনে কোনো কারণ উল্লেখ করা হয়নি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।