এক যুগ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘ছোট্ট স্বপ্ন’ সংগঠনের দ্বাদশ নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ থেকে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্লাজা চত্বরে গিয়ে শেষ হয়।
পরে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে জাতীয় সংগীত পরিবেশন, জুলাইয়ের শহীদ ও যোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা। বিশেষ অতিথি ছিলেন নির্বাহী পরিচালক মো. শামীম আহসান পারভেজ, রেজিস্ট্রার লে. কর্নেল মোহাম্মদ খালেদ বিন ইউসুফ (অব.), প্রক্টর ও পাবলিক হেলথ বিভাগের প্রধান ডা. আব্দুল আউয়াল এবং ছাত্র উপদেষ্টা ও সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান।
এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক, সংগঠনের মডারেটর, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, স্পন্সর অতিথি এবং বিদায়ী কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথি ও বিদায়ী কমিটির সদস্যদের সম্মাননা ও সনদ প্রদান করা হয়।
পরে সংগঠনের দ্বাদশ নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিবিএ বিভাগের খন্দকার আকলিমা সুলতানা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইইই বিভাগের মো. আল রাফি সনি।
অনুষ্ঠানের শেষ পর্বে ‘ছোট্ট স্বপ্ন’ স্কুলের শিক্ষার্থীরা নৃত্য ও কবিতা আবৃত্তি করে। পরে এক যুগ পূর্তি উপলক্ষে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
উল্লেখ্য যে, ছোট্ট স্বপ্ন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একটি স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন, যা সুবিধাবঞ্চিত ও পথশিশুদের শিক্ষা, মানবিক সহায়তা এবং সামাজিক উন্নয়নে কাজ করে।